মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৮ পিএম
প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কালিকাপুর এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাদারীপুরে আইভি আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কালিকাপুর এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
তিনি একই এলাকার আসলাম শরীফের মেয়ে ও শরীয়তপুর শহরের কাতার প্রবাসী
মো. ফেরদৌসের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে আইভি ছোটবেলা থেকে তার
চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। প্রায় ১ বছর আগে শরীয়তপুর শহরের বাসিন্দা কাতার প্রবাসী
মো. ফেরদৌস নামের এক যুবকের সঙ্গে পরিবারের অসম্মতিতে আইভির বিয়ে হয়।
সম্প্রতি ফেরদৌস কাতারে পাড়ি জমান। এ কারণে আইভি চাচা কালাম শরীফের
বাড়িতে বেড়াতে আসেন।
মঙ্গলবার সন্ধ্যায় আইভির চাচা কামাল শরীফ নামাজ আদায়ের জন্য মসজিদে
যান ও তার স্ত্রী চিকিৎসক দেখানোর জন্য মাদারীপুর শহরে যান। বাড়িতে আইভিকে একা পেয়ে
দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় আইভির ঘরে থাকা একটি আইফোন নিয়ে যায়
হামলাকারীরা। রাত ৮টার দিকে আইভির চাচা কালাম শরীফ বাড়িতে আসার পরে তিনি আইভির নিথর
দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত
ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করে।নিহতের চাচা কালাম শরীফ বলেন,
‘আমার স্ত্রী ডাক্তার দেখাতে বাহিরে ছিল। আমি নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার আগে
ঘরের মেইন গেট বাইরের দিক থেকে তালাবদ্ধ করে মসজিদে যাই। বাড়িতে ফিরে ঘরের গেট ভেতরের
দিক থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। পরে কোনো সাড়া-শব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখি
ভাতিজির রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে। কারা আমার ভাতিজিকে হত্যা করেছে তা জানি
না। আমি এ ঘটনার বিচার চাই। পুলিশের কাছে সুষ্টু তদন্তের দাবি জানান তিনি।
এদিকে পুলিশ বলছে, দুষ্কৃতকারীরা সুযোগ বুঝে ঘরে ঢুকে আইভির মাথায়
ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুটি কারণে আইভিকে হত্যা
করা হতে পারে। প্রথমত, ঘাতকরা চুরির উদ্দেশ্যে আগে থেকে ঘরে ঢুকে ছিল, দ্বিতীয়ত, পরকীয়ার
জেরেও ঘাতক প্রেমিক ক্ষোভ থেকে তাকে হত্যা করতে পারেন।
এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবুল কালাম আজাদ বলেন, নিহত আইভির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার প্রকৃত
কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। চুরি বা পরকীয়া ছাড়াও অন্য কোনো বিষয় রয়েছে কিনা
তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি আটক করা হয়নি। তবে খুব শিগগিরি
দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।