খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) শিশু বিভাগে ধারণক্ষমতার প্রায় চার গুণ রোগী ভর্তি থাকায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে নতুন করে কোনো রোগীকে ভর্তি না করার নির্দেশনা দিয়েছে বিভাগটি।
মঙ্গলবার রাতে দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, পর্যাপ্ত অক্সিজেন না থাকায় নতুন রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব নয়। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে। নির্দেশনায় সহকারী রেজিস্ট্রার, শিশু মেডিসিন, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উল্লেখ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. রোকসানা পারভিন।
বিভাগীয় সূত্র জানায়, শিশু বিভাগে নির্ধারিত শয্যা ৪৮টি। এর বিপরীতে মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে রোগী ভর্তি ছিলেন ১৭৬ জন।
অর্থাৎ নির্ধারিত শয্যার তুলনায় প্রায় চার গুণ রোগী চিকিৎসাধীন ছিলেন। ওই দিন নতুন করে ভর্তি হয়েছেন ৩৭ জন।
হাসপাতাল সূত্র জানায়, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে অক্সিজেন সরবরাহে সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশেষ করে শ্বাসকষ্টসহ সংকটাপন্ন শিশুদের অক্সিজেন প্রয়োজন হওয়ায় নতুন রোগী ভর্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
রোগীর স্বজনরা জানান, অসুস্থ শিশু নিয়ে হাসপাতালে এসে ভর্তি হতে না পারলে তারা বিপাকে পড়বেন। সংকটাপন্ন শিশুদের দ্রুত চিকিৎসা ও অক্সিজেন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
তাদের আশঙ্কা, অক্সিজেন না পেলে শিশুদের চিকিৎসা ব্যাহত হয়ে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা চান তারা।