সাঈদ মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর)
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৩ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪০ পিএম
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু ও ডায়রিয়া রোগীর সংখ্যা। তবে হাসপাতালে পৃথক ডেঙ্গু কর্নার বা আইসোলেশন ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সঙ্গেই চিকিৎসা নিতে হচ্ছে আক্রান্তদের। এতে সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। শয্যা ও বালিশ সংকটে অনেক রোগীকে ফ্লোর ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। আবহাওয়া পরিবর্তন ও দূষিত পানি ব্যবহারের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুর উপসর্গ নিয়ে ছয়জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার দুপুরে আইয়ান নামের ১৯ মাস বয়সী এক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এ ছাড়া গত মাসে ২৯ জন ডেঙ্গু এবং ২০৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে ভর্তি রোগীর স্বজন ফাতেমা ও ওবিরন বেওয়া অভিযোগ করে বলেন, “ডায়রিয়া রোগী নিয়ে হাসপাতালে এলেও পর্যাপ্ত বেড বা বালিশ পাওয়া যাচ্ছে না। মেঝেতে খুব কষ্টের মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে।” সালেহা নামের আরেক স্বজন জানান, চরাঞ্চলের মানুষই এখানে বেশি চিকিৎসা নিতে আসছেন।
চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে রোগীদের মধ্যে অসন্তোষ থাকলেও কর্তৃপক্ষ দাবি করেছে সেবায় কোনো ঘাটতি নেই। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুন নাহার বৃষ্টি বলেন, “সাম্প্রতিক সময়ে রোগীর সংখ্যা অনেক বেড়েছে। তবে ডেঙ্গু শনাক্তের জন্য পর্যাপ্ত কিট ও প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে যেন অন্য কেউ সংক্রমিত না হন, সেজন্য আমরা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি।”