আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৪ পিএম
বগুড়ার আদমদীঘির সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ব্যাহত হয়েছে চলাচলকারী ট্রেনগুলোর স্বাভাবিক যাত্রা।
সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনটির শেষের দিকে থাকা একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনটির শেষের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি কেটে আলাদা করে রেখে ২ ঘন্টা ১৫ মিনিট চেষ্টার পর ট্রেনটি উদ্ধার করে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আনা হয়। দ্রুতই চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যাবে।
এদিকে, দুর্ঘটনার কারণে সান্তাহার স্টেশনে আটকা পড়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।
কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী আবদুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমনিতেই ট্রেনটি প্রায় ৫-৬ ঘণ্টা দেরিতে চলছে। তার ওপর আবার লাইনচ্যুত হয়ে আরও বিলম্ব হচ্ছে। কখন যে ঢাকায় পৌঁছাতে পারব, জানি না”।
দুর্ঘটনার পর থেকে সান্তাহার জংশন এলাকায় যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা পারভেজ প্রামাণিক রকি বলেন, “ট্রেনটি রেলগেটেই লাইনচ্যুত হওয়ার পর থেকে দুই পাশের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই পাশে ব্যাপক যানজট হয়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে”।