× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামাজে যাওয়ার পথে একই পরিবারের তিনজন হামলায় আহত

খুলনা অফিস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:১২ পিএম

খুলনার পাইকগাছায় জমিজমা ও মাছের ঘের নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের তিনজনের ওপর হামলার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার পাইকগাছায় জমিজমা ও মাছের ঘের নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের তিনজনের ওপর হামলার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ


খুলনার পাইকগাছায় জমিজমা ও মাছের ঘেরের হাঁড়ি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এশার নামাজ পড়তে যাওয়ার পথে একই পরিবারের তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত ৮টার দিকে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামে শহীদ দর্জির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হামলায় ইবাদুল হক গুরুতর আহত হয়েছেন। তার ভাই বক্তিয়ার রহমান ও ছেলে সাকিবুল হাসানও আহত হয়েছেন।

আহত ইবাদুল হক কমলাপুর গ্রামের মৃত সহিল উদ্দিন গাজীর ছেলে। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাপ্পি, হাবিল গাজী, বাবু সানা ও রাসেল তাদের ওপর বাঁশ, কাঠ ও স্ল্যাব দিয়ে হামলা চালান। এতে সাকিবুলের কান ও মাথায় গুরুতর জখম হয়। ইবাদুলের মাথায়ও গুরুতর আঘাত লাগে।

আহতদের উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে ৪ সেপ্টেম্বরের ছাড়পত্রে ইবাদুলের শারীরিক অবস্থাকে ‘হেড ইনজুরি ফলোয়িং হিস্ট্রি অব ফিজিক্যাল অ্যাসল্ট’ উল্লেখ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) রেফার করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে। সাকিবুলের কানে সেলাই দিতে হয়েছে বলেও স্বজনরা জানান।

ইবাদুলের বড় ভাই বক্তিয়ার রহমান বলেন, প্রায় এক থেকে দেড় বিঘা জমি ও মাছের ঘেরের হাঁড়ির টাকা নিয়ে চার বছর ধরে তাদের সঙ্গে ওই পক্ষের বিরোধ চলছে।

তাদের দাবি, নিজেদের জমিতে অন্য পক্ষ ঘের করেছে এবং ঘেরের আয় বা পাওনা নিয়মিত দেওয়া হচ্ছে না। বিরোধ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি।

বক্তিয়ার রহমানের ভাষ্য, ঘটনার দিন স্থানীয় এক রাজনৈতিক নেতার মধ্যস্থতায় বিরোধ মেটাতে তাদের ডাকা হয়। সেখানে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৈঠক আর হয়নি। হামলার আশঙ্কায় তারা সেখান থেকে সরে আসার চেষ্টা করেন। পরে এশার নামাজ পড়তে যাওয়ার পথে শহীদ দর্জির বাড়ির সামনে তাদের ওপর হামলা করা হয়।

তিনি আরও দাবি করেন, হামলার সময় নির্মাণাধীন একটি মসজিদের পাশে থাকা সেন্টারিংয়ের বাঁশ-কাঠ ও স্ল্যাব ব্যবহার করা হয়। হামলাকারীদের একজনকে আটক করা হয়েছিল বলেও তিনি জানান।

এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় অভিযোগ করা সম্ভব হয়নি জানিয়ে বক্তিয়ার রহমান বলেন, তারা আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে খোঁজখবর নিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা