যাচাই-বাছাই শেষে সোমবার দুপুরে উদ্ধারকৃত শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
দেশের দুটি সরকারি হাসপাতালে অসতর্কতাবশত হারিয়ে যাওয়া দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
যথাযথ যাচাই-বাছাই শেষে সোমবার দুপুরে উদ্ধারকৃত শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাশ কাউন্টারের সামনে থেকে চার বছর বয়সী কান্নারত শিশু রোমাইয়া আক্তারকে উদ্ধার করেন আনসার সদস্য আনিছ মিয়া। পরে ক্যাম্প ইনচার্জ পিসি আনিছুর রহমান ও অন্য সদস্যরা হাসপাতালজুড়ে ব্যাপক খোঁজাখুঁজি করে তার মা-বাবাকে খুঁজে বের করেন।
এদিকে, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হয় সাড়ে তিন বছরের শিশু আবু হুরায়রা। এতে তার পরিবার দিশেহারা হয়ে পড়লে আনসার সদস্য তরিকুল ইসলাম, রকিবুল ইসলাম ও আসলাম কবির পুরো এলাকায় তল্লাশি শুরু করেন। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর বারোটায় শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়।
হারিয়ে যাওয়া সন্তানদের ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভুক্তভোগী মা-বাবারা। আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকার প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।