অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নোয়াখালীর হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার পর ২৭ শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে।
তাদের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পাঠদান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর সপ্তম শ্রেণির চার ছাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়ে। পরে তাদের বাড়িতে পাঠানো হলে স্বজনদের সেবায় জ্ঞান ফিরে আসে।
কিছুক্ষণ পর অন্য কয়েকটি শ্রেণিকক্ষেও ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকজন অচেতন হয়ে যায় বলেও জানা যায়।
পরে অসুস্থ শিক্ষার্থীদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ১৫ জনকে ভর্তি করা হয়েছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিক্যাল অফিসার মানসুর উদ্দিন জানান, দুপুর দুইটা পর্যন্ত হাসপাতালে ১০ জন শিক্ষার্থীকে আনা হয়েছিল। তাদের সবাইকে ভর্তি করা হয়। তখন কয়েকজনের জ্ঞান ফেরেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন বলেন, প্রথমে অচেতন হওয়া শিক্ষার্থীদের বাড়িতে পাঠানোর পর জ্ঞান ফিরে আসে। পরে আরও কয়েকজন অসুস্থ হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।
তবে কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ বা অচেতন হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রবিউল ইসলাম নিলয় বলেন, শিক্ষার্থীদের অবস্থা সংকটাপন্ন কি না, তা ১২ ঘণ্টা পর্যবেক্ষণের পর বলা যাবে
অনেকের এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধ থাকার বিষয়টি জানা গেছে বলেও জানান তিনি।
খবর পেয়ে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তবে গন্ধের ধরন ও উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।