কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪১ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেটিতে লোকবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের
পদ প্রায় আট মাস ধরে শূন্য থাকাসহ প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর সংকটে স্বাস্থ্যকেন্দ্রটির
নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবার
অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই স্বাস্থ্যকেন্দ্রটি। সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর
ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এখান থেকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধসেবা
নিয়ে আসছেন। তবে প্রয়োজনের সময় চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত জনবল না পাওয়ায় অনেক রোগী
চিকিৎসাসেবা না নিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে বিশেষ করে প্রত্যন্ত এলাকার সাধারণ
মানুষ বেশি ভোগান্তিতে পড়ছেন।
জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রটির উপ-সহকারী
কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল ইসলামকে ডেপুটেশনে কিশোরগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব
দেওয়া হয়। এরপর থেকেই গুরুত্বপূর্ণ পদটি শূন্য রয়েছে। প্রায় আট মাস ধরে পদটি শূন্য
থাকায় স্বাস্থ্যকেন্দ্রটির নিয়মিত চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ
স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা মোতাহার উদ্দিন মামুন
বলেন, ‘গচিহাটাবাসী হিসেবে আমরা দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা
ও ওষুধসেবা পেয়ে আসছি। এখন সাধারণ মানুষ যাতে নিয়মিত সেবা পায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জরুরি মুহূর্তে চিকিৎসার আশায় এসে যদি রোগীরা স্বাস্থ্যকেন্দ্রে
তালাবদ্ধ দরজা দেখতে পান, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে সকল মহল মনে করেন।’
তিনি দ্রুত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল
অফিসারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রটিতে নিয়মিত ও কার্যকর চিকিৎসাসেবা
নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, ‘সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য
ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ শূন্য থাকার বিষয়টি
আমাদের জানা আছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেপুটেশনে কিশোরগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব
দেওয়ার পর পদটি শূন্য হয়েছে। জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে
নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে
অবহিত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা যাতে নিয়মিত কর্মস্থলে
উপস্থিত থাকেন, সে বিষয়েও নজরদারি করা হবে।’