সজল জামান, জামালপুর
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৪ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৯ পিএম
জামালপুরের রাজীব বাস সার্ভিসের গোঁয়ারতুমি, কথায় কথায় সড়ক অবরোধ মালিক সমিতির। জনভোগান্তি বেড়েই চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরে রাজীব পরিবহনের একক আধিপত্য বিস্তার, ফিটনেসবিহীন বাস চলাচল এবং বারবার দুর্ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘট ডেকে জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়।
এ হটকারিতা জামালপুর-ঢাকাগামী যাত্রীদের ও রোগীদের জীবনমৃত্যু সন্ধীক্ষণে ফেলে দেয়। স্থানীয় যাত্রীদের অভিযোগ, ঢাকা-জামালপুর রুটে দীর্ঘদিন ধরে রাজীব পরিবহন একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে সিন্ডিকেটের মাধমে। এই সিন্ডিকেটের কারণে জেলার গুরুত্বপূর্ণ পথগুলোতে অন্য কোনো ভালো মানের দূরপাল্লার বাস নামার সুযোগ পায় না। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, এই পরিবহনের বেশিরভাগ বাসই ফিটনেসবিহীন, নোংরা এবং আসনগুলো বসারমতো নয়।মানুষ বিকল্প ব্যবস্থা না থাকায় এ বাসে যাতায়াত করে। কারণ বলে শেষ করা যাবে নাÑ অদক্ষ চালক ও মাদকাসক্ত স্টাফদের কারণে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটে থাকে এ পরিবহনে।
রাজীব পরিবহনের রোড পারমিট বাতিল এবং জামালপুরের সড়ক পরিবহন ব্যবস্থা সংস্কারের দাবিতে ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীরা এক মানববন্ধনের আয়োজন করে। সেই মানববন্ধনে পরিবহন শ্রমিকদের একাংশ হামলা চালায়, যার ফলে কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। এই হামলার ঘটনাটি স্থানীয় মহলে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।
সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের বাসের চাপায় চারজন নিহত হওয়ার পর এই ক্ষোভ চরম আকার ধারণ করেছে।
অভিযোগ উঠেছে, বিগত ১৭ বছর জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে রাজীব পরিবহনের এই পুরো সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। তিনি এই খাত থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন এবং ভাগ-বাটোয়ারা করতেন। ক্ষমতার পটপরিবর্তনের পর বর্তমান জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির টপ-লেভেলের নেতারা পুরো খাতটি নিয়ন্ত্রণ করছেন।
অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন সময়ে জামালপুর সদর উপজেলাতে রাজীব পরিবহনের বাস একাধিক ছোট বড় যানবাহনকে চাপা দেয়। যার ফলে, মারা গেছে অনেকে মানুষ। সেই সঙ্গে অনেক মানুষ পঙ্গু অবস্থায় অসহায়ের মতো জীবনযাপন করছেন।
গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজীব বাস একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে চাপা দিলে সেখানে তিনজনের মৃত্যু ও জামালপুর সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়। এছাড়া কয়েকজন পঙ্গু হয়েছে অসহায় জীবনযাপন করছে। এ ঘটনাটিকে কেন্দ্র করে চলতি মাসের ২ সেপ্টেম্বর বুধবার নান্দিনাবাজারে স্থানীয় ছাত্র-জনতা রাজীব পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। ওই সময় বিক্ষুব্ধ জনতা রাজীব পরিবহনের দুটি বাস ভাঙচুরও করে।
পরবর্তী সময়ে এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়ে পুরো জেলাকে অচল করে দেয় মালিকপক্ষ।
এদিকে, নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাধারণ ছাত্র-জনতা, জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির ব্যানারে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু কর্মসূচিতে মালিক সমিতির সাধারণ সম্পাদকের উপস্থিতে টপ লেভেলের বেশ কয়েকজন নেতা ও শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়; হামলার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলের অনেকেই নিন্দা জানান। হামলার সময় জামালপুর সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশ ভূমিকা ছিল প্রশংসনীয়। পুলিশের উপস্থিতি না থাকলে ভয়াবহ অবস্থা হতো।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, মানববন্ধন চলাকালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রত্যক্ষ নির্দেশে অর্ধশতাধিক পরিবহন শ্রমিক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
ঘটনার ভিডিও ফুটেজেও দেখা গেছে, মালিক সমিতির প্রভাবশালী নেতাদের ইশারায় শ্রমিকরা ছাত্রদের ওপর এই হামলা চালিয়েছে। মালিক সমিতি কী করে একটি নির্দিষ্ট ঘাতক পরিবহনের পক্ষ নিয়ে পুরো জেলা অচল করে ধর্মঘট ডাকলেন?
নাম প্রকাশ না করার শর্তে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির এক সদস্য এবং কয়েকজন শ্রমিক জানান, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম জার্নিস মূলত এই সেক্টরে একজন কাঠের পুতুল ছাড়া আর কিছুই নন। সাংগঠনিক বা প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে তার কোনো জোরালো ভূমিকা নেই। তিনি নিয়ম করে প্রতিদিন টার্মিনালে আসেন আর যান, এতটুকুই। মূলত কোটি টাকার চাঁদা ও রাজীব বাসের সিন্ডিকেটের নেপথ্য চাবিকাঠি অন্য প্রভাবশালী নেতাদের হাতে থাকায় সভাপতি পদে থেকেও তিনি একদম নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।
এদিকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজীব পরিবহনকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রতিবাদের তীব্র ঝড় উঠেছে। ভুক্তভোগী যাত্রীরা এই বাসের নানা অনিয়ম, কাউন্টারের পেছনে চালক-হেলপারদের মাদক সেবনের আড্ডা এবং অদক্ষ চালকদের বেপরোয়া গতি নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। মো. সোহেল রানা নামে একজন লিখেছেন, মানুষের জীবনের চাইতে রাজীব বাসের মূল্য বেশি। ফাহাদ ইশতিয়াক নামে আরেকজন বলেন, খুনি রাজীব বাস সার্ভিস কেন প্রশাসন বন্ধ করছে না।
সদর উপজেলার লাহিড়ীকান্দার ওই মর্মান্তিক দুর্ঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজীব পরিবহনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের এক নজিরবিহীন বিস্ফোরণ ঘটে। বিক্ষুব্ধ ভুক্তভোগীরা একেকজন একেক ভাষায় এই বাসের চরম অব্যবস্থাপনা নিয়ে কড়া মন্তব্য ও প্রতিবাদ জানাতে থাকেন। মো. সোহেল রানা নামে একজন ক্ষোভ প্রকাশ করে লিখেন, কথায় কথায় মালিক- শ্রমিক সড়ক বন্ধ করে মানুষকে বিপদে ফেলেÑ জামালপুর শহরকে অচল করে দেয়। মানুষের জীবনের চাইতে রাজীব বাসের মূল্য না কি বেশি। ফাহাদ ইশতিয়াক নামে আরেকজন খুনি রাজীব বাস বয়কটের ডাক দিয়ে এটি বন্ধের দাবি জানান। এরকম হাজারো অভিযোগ তাদের বিরুদ্ধে।
ফেসবুকের সেসব জনমত ও ভুক্তভোগীদের মন্তব্য থেকে জানা যায়, ঢাকা থেকে আসার পথে মুক্তাগাছা পার হওয়ার পর মূল চালক নেমে যান এবং লাইসেন্সবিহীন অনভিজ্ঞ হেলপার দিয়ে জামালপুর পর্যন্ত বাস চালানো একটি নিয়মিত চিত্র। মীর জুলকার জ্যাক নামে এক ভুক্তভোগী কাউন্টারের পেছনে চালক ও হেলপারদের মাদক সেবনের আড্ডার দিকে ইঙ্গিত করে চালকদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।
হাবিব রহমান নামের অপর এক যাত্রী অভিযোগ করে জানান, বাসে দাঁড়িয়ে অতিরিক্ত যাত্রী নেওয়া হলেও রাস্তায় থাকা চেকারদের মাত্র ৫০ বা ১০০ টাকা দিলেই সব অনিয়ম ঢাকা পড়ে যায়। এতদিন পার হয়ে গেলেও সাধারণ মানুষের সেই অভিযোগ ও দাবি আজও কমেনি। ভুক্তভোগী যাত্রীদের একটাই কথা, যাত্রীদের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ করে অবিলম্বে রাজীব বাসসার্ভিস চিরদিনের জন্য নিষিদ্ধ করা হোক।
ফাহাদ ইশতিয়াক নামে এক বিক্ষুব্ধ তরুণ বলেন, এই প্রশাসনের প্রতি আমাদের দাবি খুনি রাজীব বাস চিরদিনের জন্য বন্ধ করা হোক। মালিক সমিতি কথায় কথায় সড়ক বন্ধ করে রাস্তা অবরোধ করে। কিছু হলে তারা রাস্তায় নেমে পড়ে মানুষকে ভোগান্তিতে ফেলে।
জামালপুর রেলওয়ে স্টেশনের এক স্থায়ী বাসিন্দা বললেন, আমাকে ফ্রিতে নিয়ে গেলেও রাজিব বাসে কোনো দিন যাব না। মানুষের জীবনের চেয়ে যেন রাজীব বাসের মূল্য বেশি। এই সার্ভিস আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত। তিনি আরো বলেন, জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে বসা জরুরি যৌথ বৈঠকে মালিক সমিতি ও শ্রমিক সিন্ডিকেটের নেতারা উল্টো নিজেদের পক্ষে ১১ দফা দাবি পেশ করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যখন তাদের সেই ১১ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়, বিকেল ৩টায় তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে বাস চালানো শুরু করে।
সার্বিক অভিযোগ ও চলতি মাসের ৩ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে হামলার ঘটনা ঘটেছিল সেই বিষয় জানতে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস বলেন, কি বললে যেন কি আবার হয়। না বললেও যেন কি হয়। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে যদি হতো ১ গুণ এখন হয় ৭ গুণ। আমি এসবের মধ্যে তেমন একটা থাকি না। আমার নিজের দুই-একটি বাস আছে। এর বাইরে অন্য কোনো বিষয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নই।
তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যখন ওই হামলার ঘটনা ঘটে, সে সময় আমি পুলিশ সুপার (এসপি) সাহেব এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি মিটিংয়ে ছিলাম। আমি দীর্ঘদিন এই পরিবহন সেক্টরের সঙ্গে যুক্ত আছি। আমি যদি তখন স্পটে থাকতাম, তবে কোনোভাবেই এই অনাকাঙ্ক্ষিত সমস্যা বা হামলার ঘটনাটি ঘটত না।
সার্বিক অনিয়ম ও ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে জানতে জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।