ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০২ এএম
র্যাকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি টেনে তোলা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের লালপুলস্থ স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে রবিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমস এন্ড ভ্যাট অফিসের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে গিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ১০ যাত্রী গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আড়াই ঘণ্টার চেষ্টায় বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
মহিপাল হাইওয়ে থানার এসআই মাজেদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিতে ২টি র্যাকার দিয়ে অপসারণ কাজ চালানো হয়। আড়াই ঘণ্টার চেষ্টায় সড়ক খালি করে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।