রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৬ পিএম
রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে।
আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করা হয়েছে। রূপগঞ্জের পলখান এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার
ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘ দিন পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার
শাহীন আকন্দের জমিসংক্রান্তবিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দ,
তুহিন, নাঈম, আলামীনসহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাবুলকে খোঁজতে পলখান
বাজারে যায়। এ সময় বাবুলকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে আলতাফ হোসেন ডিজান ও
সিফাত হোসেনকে একটি দোকানে বসা অবস্থায় পেয়ে হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে
এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাদের বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা সাত্তার
নামে আরো এক যুবককে কুপিয়ে জখম করে।
আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রূপগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এদের মধ্যে আলতাব হোসেন ডিজানের অবস্থা
আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন
আকন্দসহ ৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি
অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি আরো জানান।