কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১১ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৪ পিএম
রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জামসহ একটি অবৈধ কারখানা জব্দ করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জামসহ একটি অবৈধ কারখানা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় দেশীয় মদ উৎপাদনের একটি গোপন কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত উপকরণের মধ্যে রয়েছে ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম, ১৫০টি সিলভারের হান্ডি, ৩ বৈয়ম রাসায়নিক উপকরণ এবং ৩০ লিটার প্রস্তুতকৃত মদ। ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির কাঁচামাল ধ্বংস করা হয়। জব্দ করা মদ ও অন্যান্য উপকরণের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা।
রবিবার সকাল সাড়ে ৯টায় কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনে কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে বৈরাগীপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।