আদিতমারী (লালমনিরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫২ পিএম
লালমনিরহাটের আদিতমারীতে সড়ক সংস্কার প্রকল্পের গাইড ওয়াল নির্মাণে এলজিইডির কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছাড়াই তড়িঘড়ি করে পানির মধ্যে ঢালাইয়ের কাজ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের আদিতমারীতে সড়ক সংস্কার প্রকল্পের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বন্ধের দিনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছাড়াই তড়িঘড়ি করে পানির মধ্যে ঢালাইয়ের কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে নির্মাণকাজের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
তবে এলজিইডি কর্তৃপক্ষ বলছে, ঢালাইয়ের কাজ করার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের অবগত করেনি। পানি থাকা অবস্থায় কোনোভাবেই ঢালাই দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।
গত শনিবার উপজেলার আদিতমারী-মহিষখোচা সড়কের আনসার খার পুকুরপাড় এলাকায় গিয়ে দেখা যায়, পুকুরের পানির মধ্যেই কাঠের খাঁচা তৈরি করে গাইড ওয়ালের ঢালাই দেওয়া হচ্ছে। কাজের সময় সেখানে এলজিইডির কোনো কর্মকর্তা বা কর্মচারীকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
স্থানীয়রা জানান, সড়কটির ওই ঝুঁকিপূর্ণ অংশে গাইড ওয়াল নির্মাণের প্রয়োজন রয়েছে। তবে পানি অপসারণ কিংবা উপযুক্ত কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ না করেই সরাসরি পানির মধ্যে ঢালাই দেওয়া হচ্ছে। তাদের আশঙ্কা, এভাবে নির্মাণ করা গাইড ওয়াল টেকসই হবে না এবং অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত বা ধসে পড়তে পারে।
জানা গেছে, আদিতমারী উপজেলা থেকে মহিষখোচা ইউনিয়নগামী প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার কাজে ২ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সড়কটির পিচ ঢালাইসহ অধিকাংশ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে আনসার খার পুকুরপাড় এলাকার ঝুঁকিপূর্ণ অংশে গাইড ওয়াল নির্মাণের কাজ।
স্থানীয়দের অভিযোগ, ছুটির দিন হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি না থাকার সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের মতো করে কাজ করছে। পানির মধ্যে ঢালাই দেওয়ায় সরকারি অর্থ ব্যয় হলেও নির্মাণকাজের মান ও স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
আদিতমারী উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক সাংবাদিকদের বলেন, ‘শনিবার ছুটির দিন হওয়ায় আমাদের অফিসে লোকজন নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান ঢালাইয়ের কাজ করার বিষয়টি আমাদের জানায়নি।’
তিনি আরও বলেন, পানি থাকা অবস্থায় কোনোভাবেই ঢালাই দেওয়ার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।