× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার মাস পর দেশে ফিরল ড্রোন হামলায় নিহত শুভ দাসের মরদেহ

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫২ পিএম

সাতক্ষীরার শ্রীপতিপুর গ্রামে রবিবার সকালে শুভ দাসের মরদেহ পৌঁছায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার শ্রীপতিপুর গ্রামে রবিবার সকালে শুভ দাসের মরদেহ পৌঁছায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির মধ্যে কলারোয়ার শুভ দাসের মরদেহ দীর্ঘ প্রায় ৩ মাস ২৫ দিন দেশে ফিরেছে।

সাতক্ষীরার শ্রীপতিপুর গ্রামে রবিবার সকালে শুভ দাসের মরদেহ পৌঁছায়।

নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। মাত্র ২৩ বছর বয়সেই যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান তিনি।

শুভর পরিবার জানায়, গত ১২ মে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিন বাংলাদেশি কর্মী- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম, আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ এবং কলারোয়ার শুভ দাস। তারা একই এলাকায় বসবাস ও কাজ করতেন।

শুভ দাস প্রায় তিন বছর আগে পরিবারের ভাগ্য বদলের আশায় লেবাননে পাড়ি জমান। ভ্যান চালিয়ে সংসার চালানো বাবা সুরঞ্জন দাস এবং ধানের চাতালে কাজ করা মা শিখা দাস ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। 

তাদের আশা ছিল, ছেলে বিদেশে গিয়ে পরিবারের অভাব দূর করবে, বদলে দেবে সংসারের চিত্র।


চার ভাই-বোনের মধ্যে শুভ ছিলেন মেঝো। পরিবারের স্বপ্ন আর বাবা-মায়ের কষ্ট দূর করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ভাগ্যের নির্মম পরিহাসে বিদেশ থেকে তাকে ফিরতে হলো কফিনবন্দি হয়ে।

শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ কয়েক মাস আগেই দেশে ফিরলেও শুভ দাসের মরদেহ দেশে ফেরানো নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তার মরদেহ দেশে ফিরেছে।

যে ছেলেকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন বাবা-মা, সেই ছেলেই আজ কফিনবন্দি হয়ে ফিরেছেন- ভাগ্য বদলের আশায় বিদেশে যাওয়া শুভ দাসের পরিবারের সামনে এখন অনিশ্চয়তার নতুন অধ্যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা বলেন, “২০২৩ সালে শুভ জমি জায়গা বিক্রি করে লেবাননে যান। এরপর ২০২৬ সালের ১২ মে লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় শুভ নিহত হন। দীর্ঘ প্রায় ৪ মাস পরে তার মরদেহ বাড়িতে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি তার পরিবার যেন সরকারের কাছ থেকে সহযোগিতা পায “।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, লেবাননে ড্রোন হামলায় নিহত শুভর মরদেহ রবিবার সকাল পৌনে ১০টায় তার বাড়ি কয়লা ইউনিয়নের শ্রীপতিপুরে পৌঁছেছে। তাদের ধর্মীয় নীতি অনুযায়ী নিহত শুভকে সৎকার করার পরামর্শ দেওয়া হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা