বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৫ পিএম
গ্রেপ্তার হওয়া দুই আসামি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের দুই নারীসহ তিনজনকে হত্যার রহস্য এক মাস পর উদঘাটনের দাবি করেছে পুলিশ।
পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসা এবং তা নিয়ে পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের সুলতান শেখের ছেলে আসাদুল শেখ (৪১) এবং বারিক হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার ওরফে বাবু (৩৮)। তারা পরস্পরের প্রতিবেশী ও আত্মীয়।
বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে রবিবার দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২ আগস্ট রাতে কচুয়ার রাঢ়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামে নিজ বাড়িতে হত্যার শিকার হন মনিরা বেগম মনি (৬০), তার ছেলে আহাদ আলী হাওলাদার (২৫) এবং মনিরার শাশুড়ি রাশিদা বেগম (৯৩)।
ঘটনার দুই দিন পর ৪ আগস্ট ওই বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহত মনিরার বড় ছেলে ফয়সাল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা মামলা করেন বলেও জানায় পুলিশ।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন হিসেবে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হলেও তিনি জড়িত থাকার কথা স্বীকার করেননি। পরে প্রযুক্তিগত তদন্ত ও স্থানীয়ভাবে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে হত্যায় তার সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, তদন্তে নিহত মনিরার ব্যবহৃত মোবাইল ফোন অন্য একজন ব্যবহার করছেন বলে তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরে আসাদুল শেখ ও আরিফ হাওলাদার ওরফে বাবুকে শনাক্ত করা হয়।
এরপর শনিবার কচুয়ায় অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী আসাদুলের বাড়ি থেকে নিহত আহাদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মোট চারটি মোবাইল ফোন ও একটি চার্জার উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জাহিদ প্রথমে হাতুড়ি দিয়ে আহাদকে আঘাত করেন। পরে মনিরা ও রাশিদাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে আসাদুল ও বাবু তাকে সহযোগিতা করেন।
পুলিশ সুপার বলেন, নিহত আহাদের পরিবারের এক নারী সদস্যের সঙ্গে জাহিদুলের পরকীয়া সম্পর্ক ছিল। ওই নারী ঢাকায় কর্মরত ছিলেন। জাহিদের স্ত্রী তার সঙ্গে কথোপকথন ও টেক্সট বার্তা দেখতে পাওয়ার পর সংসারে অশান্তি শুরু হয়।
এরপর বিষয়টি প্রকাশ পাওয়ার পর মনিরার সঙ্গে জাহিদের বাকবিতণ্ডা হয়। একই ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গেও জাহিদুলের বিরোধ তীব্র হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে জাহিদ তার আত্মীয় আসাদুল ও বাবুকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন পরস্পরের চাচাতো ভাই। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কোনো বিষয় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।