× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

হাসপাতালে নেই ডায়াবেটিসের ওষুধ বিপাকে নিম্ন আয়ের রোগীরা

প্লাবন ‍শুভ, ফুলবাড়ী (দিনাজপুর)

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৮ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়াবেটিস কর্নার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়াবেটিস কর্নার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডায়াবেটিসের ওষুধের জন্য সরকারি হাসপাতালের ওপরই ভরসা নিম্ন আয়ের মানুষের। কিন্তু সেখানেও এখন নেই প্রয়োজনীয় ওষুধ। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়াবেটিস কর্নারে মজুদ শেষ হয়ে গেছে ‘মেটফরমিন’ ও ‘গ্লাইক্লাজাইড’।

ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ফিরতে হচ্ছে খালি হাতে। বাইরে থেকে ওষুধ কিনতে গিয়ে বাড়তি খরচের বোঝা চেপেছে অসচ্ছল পরিবারগুলোর ওপর। 

এদিকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকেই রোজই হাসপাতালে ভিড় জমাচ্ছেন ডায়াবেটিসের রোগীরা। কিন্তু হাসপাতালে এসে ওষুধ না পেয়ে হতাশায় খালি হাতেই ফেরত যেতে হচ্ছে এই রোগের রোগীদের। বর্তমানে ওষুধ না থাকার খবর ছড়িয়ে পড়ায় হাসপাতাল বিমুখ হচ্ছেন এসব রোগী।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থনৈতিকভাবে অসচ্ছল রোগীদের জন্য সরকারি উদ্যোগে একটি বিশেষ ডায়াবেটিস কর্নার চালু রয়েছে। সেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদানসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। এই ডায়াবেটিস কর্নারে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ জন চিকিৎসা নিয়ে থাকেন। জনপ্রতি রোগীকে এক মাসের ওষুধ দেওয়া হয়। গত ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ৬৫৭ জন ডায়াবেটিস রোগী এখান থেকে সেবাগ্রহণ করেছেন। ২১ জুলাই থেকে ওষুধের মজুদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা শূন্য হাতে ফিরতে বাধ্য হচ্ছেন।

ডায়াবেটিস কর্নারে চিকিৎসা নিতে আসা সমরেশ সাহা বলেন, দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছি। নিয়মিত এই রোগের ওষুধ কিনে খাওয়া দুষ্কর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি উদ্যোগে বিনামূল্যে ওষুধ গ্রহণ করতাম। কিন্তু বর্তমানে সেখানে কোনোপ্রকার ওষুধ সরবরাহ করা হচ্ছে না। 

অপর রোগী জাবেদা বেগম বলেন, অসচ্ছলতার ঘরে এমন মারাত্মক রোগ দেখা দিয়েছে যে আয়ের চেয়ে বেশি টাকার ওষুধই কিনে খেতে হচ্ছে। হাসপাতালে ওষুধ নিতে এসে শুনি ওষুধ নাই। কবে আসবে তা-ও অনিশ্চিত। তাই ধারদেনা করে বাইরের ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতে হচ্ছে। 

পৌর এলাকার চকচকা গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান বলেন, সচ্ছল ব্যক্তিরা নিজ টাকায় ওষুধ কিনে খেতে পারলেও অসচ্ছলদের পক্ষে তা মড়ার উপর খাঁড়া ঘা। সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করলে অসহায় অসচ্ছল মানুষগুলো বাঁচতে পারে।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়াবেটিস কর্নারের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স খাদিজা আফরোজ বলেন, ওষুধের মজুদ না থাকায় রোগীদের ফেরত দিতে হচ্ছে। ওষুধ সরবরাহের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পাওয়ামাত্র ফের রোগীদের মাঝে ওষুধ সরবরাহ করা হবে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘মেটফরমিন’ ও ‘গ্লাইক্লাজাইড’Ñ এই দুই পদের ওষুধ মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হচ্ছে না। যা ওষুধ মজুদ ছিল, তা সরবরাহ শেষ। ওষুধ বরাদ্দ চাওয়া হলে হাসপাতালের নিজস্ব তহবিল থেকে ওষুধ কিনার নির্দেশনা প্রদান করা হয়েছে। তা সরাসরি কেনা যায় না। এজন্য টেন্ডার প্রক্রিয়ায় এগোতে হয়। তা সম্পন্ন করার কাজ চলছে। ওষুধ হাতে পেতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। ওষুধ পাওয়ামাত্র সরবরাহ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা