× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ পৌরসভা

তিন দশকে একই সমস্যায় ঘুরপাক খাচ্ছে পৌরবাসী

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৩ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৩ পিএম

কিশোরগঞ্জ পৌরসভার সড়ক ব্যবস্থার চিত্র হতাশাজনক। পৌরসভার ৪০টি প্রধান সড়কের মধ্যে প্রায় ৩৩টি সড়কই বর্তমানে বেহাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ পৌরসভার সড়ক ব্যবস্থার চিত্র হতাশাজনক। পৌরসভার ৪০টি প্রধান সড়কের মধ্যে প্রায় ৩৩টি সড়কই বর্তমানে বেহাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রায় পৌনে দুইশ বছরের পুরনো কিশোরগঞ্জ পৌরসভা। স্বাধীনতার পর কেটে গেছে পাঁচ দশকেরও বেশি সময়। এর মধ্যে পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে, বেড়েছে জনসংখ্যা ও নগরায়ণ, সম্প্রসারিত হয়েছে পৌর এলাকার সীমানা। কিন্তু নাগরিক সেবার চিত্র বদলায়নি প্রত্যাশিত মাত্রায়। বরং তিন দশক ধরে একই সমস্যার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন পৌরবাসী। যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত নালা, বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা, ফুটপাত দখল এবং ভাঙাচোরা সড়কÑ সব মিলিয়ে কিশোরগঞ্জ শহরের নাগরিক জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।

সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার ছোট-বড় ৪০টি প্রধান সড়কের মধ্যে ৩৩টিই এখন বেহাল। দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে সড়কগুলো সচল রাখার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে নিয়ন্ত্রণহীন ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার বৃদ্ধিতে ছোট শহরের সরু সড়কগুলোতে প্রতিদিনই তৈরি হচ্ছে অসহনীয় যানজট। যানজটের পাশাপাশি শহরের দীর্ঘস্থায়ী আরেক সংকট জলাবদ্ধতা। 

বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন বাজার, গৌরাঙ্গ বাজার, গুরুত্বপূর্ণ নীলগঞ্জ ও ময়মনসিংহ সড়কে বৃষ্টির পর জলাবদ্ধতা তৈরি হয়। গাইটাল এলাকার প্রধান সড়কের ডিসি অফিস, সড়ক ও জনপথ অফিসে পানি জমলেও আশপাশের পাড়া-মহল্লার সড়কগুলোতে জলাবদ্ধতা দেখা যায়। পুরাতন কোর্টের পাঁচটি সরকারি অফিস, সরকারি মহিলা কলেজসহ সারা শহরে সব এলাকায় একই চিত্র দেখা যায়।

গাইটাল এলাকার বাসিন্দা আইয়ূব আলী খান বলেন, গত তিন-চার বছরে তাদের এলাকায় জলাবদ্ধতা আরও বেড়েছে। এক ঘণ্টা ভারী বৃষ্টি হলেই পরের কয়েক ঘণ্টা ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। প্রায় ৪০ বছর ধরে শহরের নালা-নর্দমার কার্যকর ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। অনেক নালা অপরিকল্পিতভাবে নরসুন্দা নদীর সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে শহরের বর্জ্য ও নোংরা পানি সরাসরি নদীতে গিয়ে পড়ছে।

শহরের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার সংস্কৃতি পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সড়কের পাশে, নালা-নর্দমায় ও খোলা জায়গায় বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। 

এদিকে পৌরসভার ৪০টি প্রধান সড়কের মধ্যে প্রায় ৩৩টি সড়কই বর্তমানে বেহাল। হয়বতনগর এলাকার ফিসারি, ফিসারি লিংক রোড, পূর্ব হাওয়াসহ হয়বতনগর মোড় থেকে হোসেনপুর সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছে। নিউটাউন, তারাপাশা, অলিনেওয়াজ খান কলেজ, আতরজান, রেলস্টেশন এলাকা ও বয়লা সড়কের অবস্থাও নাজুক। চরশোলাকিয়া, গাইটাল, বয়লা, রাখুয়াইলসহ নয়টি ওয়ার্ডের বাসিন্দারাও সড়কের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

কিশোরগঞ্জ পৌরসভা ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী শহরে বর্তমানে নিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইকের সংখ্যা প্রায় ১৫ হাজার। এর বাইরে মোটা চাকার ব্যাটারিচালিত রিকশা প্রায় ৬ হাজার এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা প্রায় ৫ হাজার। পায়েচালিত রিকশা রয়েছে প্রায় ৫০০। 

সমাজসেবক গৌতম সরকার বলেন, পৌর শহরের অনেক সড়ক মাত্র ২৪ ফুট প্রশস্ত। এর দুই পাশে মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে বা চলাচল করায় সড়কের বড় অংশ দখল হয়ে থাকে। ফলে যান চলাচলের জন্য কার্যত ১০ ফুটের মতো জায়গা অবশিষ্ট থাকে। এত কম জায়গায় বিপুলসংখ্যক ইজিবাইক ও রিকশা চলাচল করায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে অসহনীয় ভোগান্তিতে পড়তে হয়। 

শহরের ব্যস্ত সড়কগুলোর দুই পাশে ফুটপাত থাকলেও কোথাও দোকানের পসরা, কোথাও মোটরসাইকেল বা ভ্যান রাখা, আবার কোথাও বিভিন্ন অস্থায়ী স্থাপনা তৈরি করে ফুটপাত ব্যবহার করা হচ্ছে। ফলে পথচারীদের মূল সড়ক দিয়েই হাঁটতে হচ্ছে। এতে একদিকে যানজট বাড়ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

কিশোরগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডের সঙ্গে শহরতলির আরও কিছু এলাকা যুক্ত করে পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু বর্ধিত এসব এলাকায় গত পাঁচ বছরের বেশি সময়েও দৃশ্যমান নাগরিক সুবিধা বাড়েনি অভিযোগ বাসিন্দাদের।

বিশেষ করে নরসুন্দা নদীর দক্ষিণ-পূর্ব অংশের অনেক এলাকার কোথাও নদী পার হতে হয় হেঁটে, কোথাও আবার ভাঙাচোরা কাদা-বালুর সড়ক ব্যবহার করেই শহরে আসতে হয়। 

এসব বিষয়ে ২নং ওয়ার্ডের বাসিন্দা গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক করিমুল্লাহ নাদিম বলেন, পৌরসভা দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণিতে উন্নীত হলেও বাস্তবিক অর্থে পৌরসভার কাজ বা উন্নয়ন দ্বিতীয় শ্রেণির পৌরসভার মানেও পড়ে না।

সনাক সদস্য অ্যাডভোকেট আবুল কাসেম বলেন, গত দেড় দশকে কিশোরগঞ্জ পৌরসভায় বড় কোনো প্রকল্প বাস্তবায়নের উল্লেখযোগ্য উদাহরণ নেই। বিগত সরকারের সময়ে উন্নয়নের বড় সুযোগ থাকলেও পৌর কর্তৃপক্ষ দূরদর্শিতার সঙ্গে সময় ও সুযোগ কাজে লাগাতে পারেনি। 

তবে পৌরসভার সচিব ও তথ্য প্রদান কর্মকর্তা সৈয়দ সফিকুর রহমান বলেন, যানজট নিয়ন্ত্রণে একাধিক কর্মসূচি নেওয়ার উদ্যোগ রয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন অটোস্ট্যান্ড বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে বিআরটিএ ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পৌরসভা আর্থিক সংকটে ছিল। বিভিন্ন সময় প্রকল্প ও অনুদানের মাধ্যমে কিছু অর্থ পাওয়া গেছে। সেই অর্থ দিয়েই সড়ক উন্নয়নসহ বিভিন্ন কাজ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা