চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৯ পিএম
চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে জন্ম নেওয়া এক সদ্য নবজাতক এখন মৃত্যুর মুখোমুখি। ছবি: প্রতিদিনরে বাংলাদেশ
চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে জন্ম নেওয়া এক সদ্য নবজাতক এখন মৃত্যুর মুখোমুখি।
প্রসূতি মায়ের জন্য নির্ধারিত ইনজেকশন ভুলবশত পুশ করা হয়েছে সদ্য নবজাতক শিশুটির শরীরে।
শনিবার রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক
ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা ও ক্ষোভ। বর্তমানে জীবন-মৃত্যুর
সন্ধিক্ষণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) লড়ছে নিষ্পাপ শিশুটি। আরও ভয়ংকর
অভিযোগ, ভুল ধরা পড়ার পরও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন সিএসসিআরের নার্স ও হাসপাতাল
কর্তৃপক্ষ।
কান্নাজড়িত কণ্ঠে নবজাতকের বাবা ও পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দায়িত্বে চরম অবহেলা ও অমানবিকতার পরিচয় দিয়েছে হাসপাতালটির নার্স ও চিকিৎসকরা। প্রসবের পর মা সুস্থ থাকলেও তার জন্য নির্ধারিত ইনজেকশনটি নার্স ভুলবশত পুশ করে দেন নবজাতকের শরীরে। ভুল ধরা পড়ার পর নার্স ও সংশ্লিষ্টরা বিষয়টি আড়াল করার চেষ্টা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগী শিশুর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার স্ত্রীর ইনজেকশনটা সিস্টার ভুল করে বাচ্চাকে পুশ করে ফেলছে। তারা প্রথমে মানতে চায়নি। পরে ওয়ার্ডে এসে আমাদের সঙ্গে উল্টো ধমক দিয়ে কথা বলেছে। নবজাতকের জীবন বিপন্ন, অথচ তারা দায় এড়ানোর চেষ্টা করছে। শুধু নার্স নয়, পুরো সিএসসিআর হাসপাতালের এই অবহেলা ও অপরাধের বিচার চাই।’
ঘটনার পর হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে কনসালটেন্ট ও চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে আসেন। হাসপাতালের চিকিৎসক প্রফেসর ড. জাবেদ বিন আমিন এবং অধ্যাপক রাশেদা সামাদসহ অন্য চিকিৎসকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং ভুল ইনজেকশন পুশ করার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেন। তবে তাদের দাবি, শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রক্ত পরীক্ষা ও শারীরিক অবস্থার পরিবর্তন পর্যালোচনা করে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে।
সিএসসিআর হাসপাতালের সিইও ডা. সালাউদ্দিন মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নবজাতককে ভুল ইনজেকশন পুশ করার ঘটনায় অভিযুক্ত নার্সকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ভুলের পুনরাবৃত্তি রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ
সাজ্জাদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি, খোঁজখবর নিয়েছি।
সুনির্দিষ্ট ও লিখিত অভিযোগ পেলে যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া
হবে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ
থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান জানান, ‘আমরা খবর পেয়ে সিএসসিআর হাসপাতালে ছুটে যাই।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ শুনেছি, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। প্রাথমিক
তদন্তে ভুল ইনজেকশন পুশের সত্যতা মিলেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।