ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৫ পিএম
ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর দাগনভূঞায় এক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে করা মামলায় নিজাম উদ্দিন নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীর চৌরাস্তা এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার হেফজখানার এক আবাসিক ছাত্র গত ১ আগস্ট রাতে বলাৎকারের শিকার হয়। বিষয়টি জানার পর ছাত্রটির বাবা বাদী হয়ে গত ২৯ আগস্ট দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক নিজাম উদ্দিন আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদ ও প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে দাগনভূঞা থানা পুলিশের একটি দল নোয়াখালী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।