ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯ পিএম
ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন পৌর শহর গড়ার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ফটিকছড়ি পৌরসভা।
শনিবার দুপুরে ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ অভিযান শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
পৌর প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, পরিচ্ছন্নতা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ জরুরি।
তিনি বলেন, ফটিকছড়ি পৌরসভাকে পরিচ্ছন্ন ও নান্দনিক হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (সচিব) বিপ্লব মুহুরীসহ কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন।