সাগরপাড়ের প্রতারকচক্র
নুপা আলম, কক্সবাজার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৬ পিএম
কক্সবাজারের কলাতলী এলাকার প্যালকন ওসি প্যালেস হোটেলে অবস্থান করা ৬ জনকে আটক করে। পরে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের সাগরপাড়ে তিনটি রিসোর্ট ও একটি আবাসিক ভবন ভাড়া নিয়ে আন্তর্জাতিক অনলাইন প্রতারকচক্রের আস্তানা গড়ে তুলেছিল চীন ও তাইওয়ানের প্রায় ২৫০ থেকে ৩০০ নাগরিক। ভাড়া নেওয়ার পর পুরনো সেটআপ পরিবর্তন, নতুন ডেকোরেশন, নিরাপত্তাকর্মী ও জনবল নিয়োগসহ পুরো ব্যবস্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেন তারা।
এরপর রামুর হিমছড়ির মেরিনা বিচ ভিলা রিসোর্টের একটি হলরুমে কম্পিউটার ল্যাব এবং ছয়টি সাউন্ডপ্রুফ কক্ষ তৈরি করে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা শুরু করে তারা।
এই পুরোবিষয়টি পুলিশের নজরে আসার পর গত ২৫ আগস্ট পুলিশ অভিযান চালালে টের পেয়ে এসব বিদেশিরা কৌশলে পালিয়ে যায়। অভিযানে ওই হলরুম থেকে বিভিন্ন মডেলের ১ হাজার ৯৩৮টি আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ, ৩০টি কিবোর্ড, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ৪০টি মাউস, একটি আইপিএস ও ২৪টি কানেকশন বোর্ডসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট ঢাকাস্থ চীনা দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এবং ২৮ আগস্ট ডিআইজি, সিটিটিসির নেতৃত্বে নয় সদস্যের একটি দলও ঘটনাস্থল পরিদর্শনও করে।
এরপরই সাউন্ডপ্রুফ কক্ষ, কম্পিউটার ল্যাব, অসংখ্য আইফোন, ল্যাপটপ, কম্পিউটার ঘিরে তদন্ত শুরু হয়। যে তদন্তের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার প্যালকন ওসি প্যালেস হোটেলে অবস্থান করা ৬ জনকে আটক করে। পরে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রামু থানায় দায়ের করা মামলার এজাহার, পুলিশের ৬-৭ কর্মকর্তার সাথে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে। রামু থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলাটি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের আরও সদস্য কক্সবাজারে অবস্থান করছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে গতকাল শনিবার চক্রটির কার্যক্রম নিয়ে পরিষ্কারভাবে কোনো কথা বলতে রাজি হননি পুলিশের কর্মকর্তারা। শুধু কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অহিদুর রহমান বলেছেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখার বিশেষ গোয়েন্দা প্রতিবেদন মতে, বিষয়টি এপ্রিল মাস থেকে পুলিশের নজরে আসলে নানাভাবে তদন্ত শুরু হয়। আইন অনুযায়ী কোনো বিদেশি আবাসিক হোটেলে অবস্থান করলে তাদের পার্সপোটের কপিসহ ডিএসবিকে অবহিত করতে হয়। কিন্তু ৪টি প্রতিষ্ঠানের মালিক বিদেশিদের ভাড়া দেয়ার বিষয়টি পুরোটাই গোপন করেছেন। যার প্রেক্ষিতে ডিএসবি হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদে হোটেলসমূহের কর্তৃপক্ষ জানান, একজন চীনের নাগরিক ঝান ইউয়ান ফান ‘বাবর আলী’ নাম-পরিচয় ব্যবহার করে এপ্রিল মাস থেকে হোটেলগুলো ভাড়া নেন।
পুলিশের ধারণা, চক্রটি কৃত্রিম বাজার বিশ্লেষণ, ভুয়া প্রলোভন, ক্লোন বা ভুয়া ট্রেডিং প্লাটফর্ম, অর্থ জমা নেওয়া, এক্সিট ফ্রড ও অর্থ আত্মসাতের মতো বিভিন্ন অনলাইন আর্থিক প্রতারণায় জড়িত ছিল। কক্সবাজারে অবস্থান করে তারা শত কোটি টাকা হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে পুলিশের একটি সূত্র দাবি করেছে। তবে এর সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি।