আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৭ পিএম
ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে বলাৎকারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সাভার পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশে
ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মাদ্রাসার এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সাভার পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ভোলা, বরিশাল, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেনÑ ঢাকার সাভারের পূর্ব শাহীবাগ এলাকার মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, তাহমিদ হাসান রাফি, সাজেদুল ইসলাম সায়েম, মোহাম্মদ বিন মুক্তার ও কামরুল ইসলাম।
শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান।
পুলিশ জানায়, সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগের ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল শিশুটি। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদ্রাসার কয়েক শিক্ষক ও শিক্ষার্থী শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে এবং বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে যৌন নির্যাতন করে আসছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতনের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হতো। এ কারণে ভয়ে দীর্ঘদিন কাউকে কিছু জানায়নি সে। একপর্যায়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি প্রকাশ করে শিশুটি।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত ১৮ আগস্ট শিশুটিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে কয়েক দিন চিকিৎসা শেষে শিশুটিকে বাড়িতে নেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। পরে শিশুটির বাবা গত ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ১০ জনকে আসামি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান বলেন, মামলার পর আসামিদের অবস্থান শনাক্ত করতে পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পৃথক অভিযানে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।