নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩২ পিএম
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নানের মাতালামির একটি ভিডিও ভাইরাল। ছবি: ভিডিও থেকে নেওয়া
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নানের মাতালামির একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। পুলিশের দাবি মান্নান মানসিক রোগী এবং ডাক্তারের চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নান মাতালামি শুরু করে। কখনও নাচ গান করে আবার কখনও গান করতে দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে নানা মন্তব্য করতে থাকেন। এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় গতকাল শনিবার এএসআই মান্নানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং ঘটনা তদন্তে সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান এবং এসআই ফারুক আহমেদ পাটোয়ারী সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এএসআই মান্নান মানসিক রোগে আক্রান্ত এবং ডাক্তারের চিকিৎসাধীন আছেন। সে ২০ দিন আগে নারায়ণগঞ্জ সদর নৌ থানায় যোগদান করে। এর আগে র্যাব-৩-এ কর্মরত ছিল। শুক্রবার দুপুরে মান্নান সিলেটে বসবাসরত তার স্ত্রীকে ভিডিও কল করে নানা কথা বলে জানান, এখন সে আত্মাহত্যা করবে। পরে তার মায়ের সঙ্গে কথা বলে শান্ত হয়। সন্ধ্যায় শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় এএসআই মান্নান পাগলামি শুরু করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বিষয়টির তদন্ত চলছে।