লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৭ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ববিরোধের জেরে নজরুল ইসলাম নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে ও ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ববিরোধের জেরে নজরুল ইসলাম নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে ও ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকের শরীরে অন্তত পাঁচটি গুরুতর জখম হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলাম ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নজরুল ইসলামের ভাই নাজিম উদ্দীন অভিযোগ করে বলেন, পথে ৬-৭ জন তাকে ঘিরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে ডেভিড জিহাদও ছিলেন বলে তারা জানতে পেরেছেন।
প্রধান শিক্ষক বলেন, ‘আমার ধারণা, নাজিম উদ্দীনকে লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে তার ভাই নজরুল ইসলামকে ভুল করে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।’
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ হোসাইন আল ইমরান বলেন, এক শিক্ষককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার শরীরে প্রায় পাঁচটি জায়গায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’