ইটনা (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৯ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৩ পিএম
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সুরমা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সুরমা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ধনপুর বাজারসংলগ্ন সুরমা নদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এ নৌকা বাইচ। যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং হাওরাঞ্চলের হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যেই ধনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মোট ১২টি নৌকা অংশ নেয়। সকাল থেকেই নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বাড়তে থাকে মানুষের ভিড়। পরিবার-পরিজন নিয়ে, বন্ধুদের সঙ্গে কিংবা নৌকা ভাড়া করে নদীর মাঝখান থেকে অনেকে উপভোগ করেন প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা শাপলা বয়েজ ক্লাব প্রথম স্থান অর্জন করে। বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ‘সোনার হরিণ’। দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হয় ‘রূপার ময়ূর’ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের হাতে তুলে দেওয়া হয় এলইডি টিভি।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইটনা উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সাধারণ সম্পাদক বাবু সুমেল ঘোষ এবং ধনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু ভুজেন কান্তি দাস।
এতে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ ৪-এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, এ ছাড়াও কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদ প্রশাসন খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, ইটনা থানা অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ খান, পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরাও ছিলেন।
এ ছাড়াও ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, ইটনা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, ইটনা সদর ইউপি চেয়ারম্যান সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জুয়েলসহ এলাকার জনপ্রতিনিধি বিএনপির দলীয় নেতাকর্মী প্রশাসনিক কর্মকর্তাসহ লক্ষাধিক মানুষ উপস্থিত থেকে হাওরের বিস্তৃত শান্ত জলরাশিতে প্রতিযোগিতাটি উপভোগ করেন।