শাহজালাল (রহ.) মাজার
আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৭ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৫ পিএম
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রায় সাতশ বছরের দীর্ঘ ইতিহাসে জুনে এক অভূতপূর্ব দৃশ্য দেখেছিল পুণ্যভূমি সিলেট। প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা হয়েছিল হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেক।
তবে, প্রকাশ্যে অর্থ গণনার মধ্য দিয়ে মাজারের আয়-ব্যয়ে যে যুগান্তকারী স্বচ্ছতার উদ্যোগ শুরু হয়েছিল, তা এখন দীর্ঘসূত্রতার মুখে। এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ কাঠামো নির্ধারণের কথা ছিল, কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও তার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
১৩০৩ খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিলেটে আসা প্রখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ধর্মপ্রাণ মানুষের অন্যতম প্রধান আধ্যাত্মিক তীর্থস্থান। ১৩৪১ খ্রিস্টাব্দে ইন্তেকালের পর থেকে শত শত বছর ধরে মাজারের বিপুল দানের অর্থ ব্যবস্থাপনার বিষয়টি ছিল অনেকটাই আড়ালে।
সেই প্রথা ভেঙে চলতি বছর ১৮ জুন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমের নেতৃত্বে মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন ও ঐতিহাসিক তিনটি ডেক সিলগালা করে আনসার মোতায়েন করা হয়। এরপর গত ২২ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত তিন দফায় প্রকাশ্যে দানবাক্স ও ডেকের টাকা গণনা করা হয়। প্রকাশ্যে আসতেই বেরিয়ে আসে অবিশ্বাস্য পরিমাণ সম্পদ। তিন ধাপে যথাক্রমে প্রায় ১৮ লাখ, ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ এবং সর্বশেষ ১৫ আগস্ট (৩৫ দিনের ব্যবধানে) ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। সব মিলিয়ে আড়াই মাসে নগদ প্রায় ১ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার টাকার পাশাপাশি মেলে ১৯টি দেশের বৈদেশিক মুদ্রা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও রুপা।
বিপুল এই অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গত ২৬ জুন সিলেট সার্কিট হাউসে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ১২ সদস্যের একটি কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়Ñ আগামী এক মাসের মধ্যে মাজারের দানের অর্থ সংরক্ষণ, গণনা, হিসাবরক্ষণ ও ব্যয়ের একটি যুগোপযোগী ও সুনির্দিষ্ট কাঠামো তৈরি করার।
কিন্তু সেই নির্ধারিত এক মাস পেরিয়ে বর্তমানে প্রায় আড়াই মাস হতে চললেও নতুন কোনো রূপরেখা জনসমক্ষে আসেনি। ফলে শুরু হওয়া এই প্রশংসনীয় উদ্যোগটি শেষ পর্যন্ত কতটা টেকসই হবে, তা নিয়ে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
স্থবিরতার বিষয়ে জানতে চাইলে মাজার কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রূপরেখা তৈরিতে কিছুটা সময় বেশি লেগেছে, তবে আমাদের প্রতিবেদন প্রায় প্রস্তুত। আমরা ইতোমধ্যে বাণিজ্যমন্ত্রীর কাছে তা হস্তান্তর করেছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিলেটবাসীকে বিস্তারিত জানানো হবে।’
বিপুল দান, স্বর্ণালংকার ও মূল্যবান সম্পদ প্রকাশ্যে আসার পর এখন সিলেটবাসীর একটাই অপেক্ষাÑ ঐতিহ্যবাহী এই মাজারের অর্থ ব্যবস্থাপনায় কবে একটি স্থায়ী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর বাস্তবায়ন ঘটবে।