রংপুর অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৮ পিএম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে ছয় তলাবিশিষ্ট বার্ন ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী, হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। সেজন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে। আমরা আশা করছি অল্প কিছুদিনে তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কাজ শেষ করতে পারবে।’
শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে ছয় তলাবিশিষ্ট বার্ন ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি।
মন্ত্রী বলেন, গত ১৭ বছর স্বাস্থ্য খাতসহ প্রতিটি খাত অনিয়ম-দুর্নীতির কারণে ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য খাতকে। স্বাস্থ্য খাতে সারা দেশে জনবল সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ পেলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আলাদা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের জন্য ছয় তলাবিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ কোটি টাকা। ছয় তলা ভবনের প্রথম তলায় জেনারেটনের সাব স্টেশন, দ্বিতীয় তলায় মেনিফোন্ড রুম, ইলেকট্রিক কন্ট্রোল রুম, তৃতীয় তলায় স্টোররুম, চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আনসারের ব্যারাক হিসেবে ব্যবহার করা হবে।
এদিকে হাসপাতাল ক্যাম্পাসে আসার আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরীর গুপ্তপাড়ায় পিএসসির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।