রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৫ পিএম
‘মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়া প্রতিরোধ করি, আগামী প্রজন্মকে রক্ষা করি’ -এ স্লোগানে রাজারহাটের রাজপথে নেমেছেন সচেতন নাগরিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়া প্রতিরোধ করি, আগামী প্রজন্মকে রক্ষা করি’ -এ স্লোগানে রাজারহাটের রাজপথে নেমেছেন সচেতন নাগরিকরা। মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মোটরসাইকেল শোভাযাত্রা, গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় তেজার মোড় বাজার থেকে কর্মসূচি শুরু হয়। স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রাটি কদমতলা, ঠুটাপাইকড়, বাছড়া ও নাজিমখান বাজার প্রদক্ষিণ করে দলদলিয়া বাজারে গিয়ে শেষ হয়।
কর্মসূচির নেতৃত্ব দেন মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়া প্রতিরোধ কমিটি, তেজার মোড় বাজারের আহ্বায়ক ও নাজিমখান উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলী (মাস্টার)।
নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান (পাখি) বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে তাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।’
রাজারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু হক্কানী বলেন, ‘মাদক ও জুয়া মানুষের নৈতিকতা, পারিবারিক বন্ধন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল আলম বকসী বাদশা বলেন, ‘মাদক, চুরি, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নাজিমখান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুল ইসলাম আতিক বলেন, ‘অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। এলাকার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললেই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।’
দলদলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বায়েজিদ মিয়া বলেন, ‘মাদক ও অনলাইন জুয়ার কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথে যাচ্ছে। তরুণদের ভবিষ্যৎ রক্ষায় গ্রাম ও বাজার পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে।’
সোনালী ব্যাংক রাজারহাট শাখার সিনিয়র অফিসার আবু সুফিয়ান বলেন, ‘অনলাইন জুয়া অনেক তরুণকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করছে। দ্রুত লাভের আশায় অনেকে সর্বস্ব হারাচ্ছেন। তাই সামাজিকভাবে এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।’
নাজিমখান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই সরকার বলেন, ‘মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজ তিনটিকেই ধ্বংসের দিকে নিয়ে যায়। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়িয়ে তরুণ প্রজন্মকে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে।’