মিরপুর (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪০ পিএম
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার কোমরে গামছা দিয়ে বাঁধা একটি বালুর বস্তা পাওয়া গেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে হাসনা খাতুনের সর্বশেষ কথা হয়। এরপর তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা বৃহস্পতিবার মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি হাসনা খাতুনের বলে শনাক্ত করেন।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।