× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলির শব্দ, বিপাকে স্থানীয়রা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯ পিএম

পানছড়ি সীমান্ত এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পানছড়ি সীমান্ত এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীতপন্থী সশস্ত্র সদস্যদের মধ্যে কয়েক দিন ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে, এমন অভিযোগ উঠেছে।

এতে সীমান্তবর্তী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যাহত হচ্ছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা।

স্থানীয় সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার জগপাড়া, তারাবন ও দুধুকছড়া সীমান্তবর্তী এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। পরদিন ৪ সেপ্টেম্বর ভোর থেকেও এসব এলাকায় নতুন করে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।

সবশেষ ৫ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্তও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

দীর্ঘদিন ধরেই পানছড়ির বিভিন্ন দুর্গম এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলে আসছে। সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সংঘাতপূর্ণ এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাণভয়ে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। 

গৃহপালিত পশুপাখি ও বসতবাড়ি নিয়েও উদ্বেগ রয়েছে। সংঘাতের কারণে অনেক এলাকায় স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অভিযোগ স্থানীয়দের।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষের সমর্থক ও সংশ্লিষ্ট বিভিন্ন সাইবার গ্রুপ থেকে হতাহত ও সংঘর্ষ নিয়ে নানা দাবি করা হচ্ছে। তবে এসব দাবির স্বতন্ত্র যাচাই সম্ভব হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও হতাহত বা সংঘর্ষের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে পাহাড়ের জনপদে অস্থিরতা তৈরি হচ্ছে। 

এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ও কৌশলগত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার, প্রয়োজনীয় নিরাপত্তা চৌকি ও সেনা ক্যাম্প স্থাপন এবং নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা স্থানীয়দের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা