খুলনা অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৬ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
একটি ডিসিপ্লিনের জন্য শ্রেণিকক্ষ একটি। কোথাও দুটি, কোথাও তিনটি। একই কক্ষে একাধিক বর্ষ ও সেমিস্টারের ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম চালাতে হচ্ছে। এমন বাস্তবতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ভবিষ্যতে আরও ১৬টি নতুন ডিসিপ্লিন চালুর পরিকল্পনা ঘিরে প্রশ্ন উঠেছে
বিদ্যমান সংকটই যেখানে কাটেনি, সেখানে সম্প্রসারণের প্রস্তুতি কতটা যৌক্তিক?
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হ্যান্ডবুকের তথ্য অনুযায়ী ২৯টি ডিসিপ্লিনে শ্রেণিকক্ষ রয়েছে মোট ৯৮টি। প্রয়োজনের তুলনায় এ সংখ্যা সীমিত। বেশিরভাগ ডিসিপ্লিনেই শ্রেণিকক্ষ তিনটির বেশি নয়। মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) ডিসিপ্লিনে রয়েছে মাত্র একটি শ্রেণিকক্ষ। দুটি করে শ্রেণিকক্ষ রয়েছে অ্যাগ্রোটেকনোলজি, শিক্ষা, পরিবেশবিজ্ঞান, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, হিউম্যান ক্যাপিটাল, ভাস্কর্য ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে।
রসায়ন, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইংরেজি, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ফার্মেসি, পদার্থবিজ্ঞান, প্রিন্টমেকিং ও সমাজবিজ্ঞানে শ্রেণিকক্ষ তিনটি করে। বাংলা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, গণিত ও পরিসংখ্যানে চারটি করে কক্ষ রয়েছে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং এবং নগর ও গ্রামীণ পরিকল্পনায় পাঁচটি করে শ্রেণিকক্ষ। ব্যবসায় প্রশাসনে ছয়টি এবং স্থাপত্য ডিসিপ্লিনে সর্বোচ্চ সাতটি কক্ষ রয়েছে।
এইচআরএমের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাইয়ান ওয়াহেদ চৌধুরী বলেন, ২০১৬ সালে ডিসিপ্লিনটি চালু হলেও প্রায় এক দশক পরও নিজস্ব পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও মৌলিক অবকাঠামো তৈরি হয়নি। অন্য ডিসিপ্লিনের সঙ্গে কক্ষ ভাগ করে ক্লাস করতে হয়। বিষয়টি একাধিকবার জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। তার মতে, এ অবস্থায় নতুন ১৬টি ডিসিপ্লিন চালু হলে বিদ্যমান সংকট আরও বাড়বে। এতে মানসম্মত শিক্ষা ও গবেষণা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ১৬টি ডিসিপ্লিন একসঙ্গে চালুর সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থী কল্যাণবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাহউদ্দীন জানান, নতুন ডিসিপ্লিনের পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের অংশ। অবকাঠামো, শিক্ষক এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার সক্ষমতা নিশ্চিত করেই ভবিষ্যতে এসব ডিসিপ্লিন চালু করা হবে। পাইকগাছায় পরিকল্পিত দ্বিতীয় ক্যাম্পাসেও শুরুতে চার-পাঁচটি ডিসিপ্লিন চালুর পরিকল্পনা রয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমও বিষয়টি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, ১৬টি ডিসিপ্লিন এখনই চালু হচ্ছে না। অবকাঠামো, বিষয়ভিত্তিক প্রয়োজন, পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষার মান বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সিদ্ধান্ত দেবে। দুই বছর আগে ভাষা শিক্ষা চালুর জন্য আবেদন করেও এখনও অনুমোদন পাওয়া যায়নি। প্রয়োজনীয় সক্ষমতা তৈরি না হলে নতুন ডিসিপ্লিন চালুর প্রশ্নই আসে না।