চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম
যুবদল নেতা রাকিবুল ইসলাম ব্রাইট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার দর্শনায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর যুবদল নেতা রাকিবুল ইসলাম ব্রাইটকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
ব্রাইট দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি দর্শনা পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এর আগে গত শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দর্শনা পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম ব্রাইট এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদল নেতা অমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. রাকিবুল হাসান ব্রাইটকে দর্শনা পৌর যুবদলের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।