বগুড়া অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২১ পিএম
বগুড়া শহরের সাতমাথায় আলুচাষি, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আলুচাষি ও ব্যবসায়ীদের দাবির মুখে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া প্রতি কেজি ৬ টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় মিষ্টি বিতরণ করেছেন আলু ভেল্যু চেইন প্রমোশনাল বডি কেন্দ্রীয় কমিটি।
শনিবার দুপুর ১২টায় বগুড়া শহরের সাতমাথায় আলুচাষি, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সামিউল ইসলাম বলেন, বর্তমানে হিমাগার কর্তৃপক্ষ আলু সংরক্ষণের ক্ষেত্রে প্রতি কেজি ভাড়া হিসেবে সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা আদায় করছে যা অযৌক্তিক। হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণে আমরা আন্দোলন করেছি। সরকার আমাদের দাবি যৌক্তিক মনে করেছে তাই প্রতি কেজি ৬ টাকা নির্ধারণ করেছে।
মিষ্টি বিতরণকালে কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সুশান্ত বর্মন, সোহরাব হোসেন রাতুল, রংপুর জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, দিনাজপুর জেলার কৃষক কেচো মানিক, নীলফামারীর রোকনুজ্জামান রিপনসহ আলুচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কৃষি বিপণন অধিদপ্তর বগুড়া মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের জানান, কৃষি বিপণন অধিদপ্তর ৩১ আগস্ট ৬ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে, ডিসেম্বর পর্যন্ত এই ভাড়া কার্যকর থাকবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ আল মাহমুদসহ কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। শনিবার বিভিন্ন হিমাগারে জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে।