অভিযুক্ত প্রকৌশলী শহিদুল ইসলাম ও নির্মাণাধীন সড়ক। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মাল্লাপট্রি ব্রিজসংলগ্ন ডাম্পিং প্রকল্পের ১ কোটি ৫২ লাখ টাকার সড়ক নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগের তীর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলামের দিকে।
স্থানীয় অনেকের অভিযোগ, প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে।
এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে পাথরের সঙ্গে ইটের রাবিস খোয়া মেশানো হচ্ছিল। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে ওই খোয়া সরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ঢাকার মহাখালী ৩০ পৌরসভার অধীন চার মাস মেয়াদি কাজটি পেয়েছে বিসমিল্লাহ কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিষ্ঠানটির মালিক মো. মনজুর মোল্লা। চলতি বছরের ২১ জানুয়ারি কাজ শুরু হয়ে ২১ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে আরও চার মাস অতিবাহিত হলেও কাজ শেষ হয়নি।
স্থানীয়দের অভিযোগ, কাজের সময়সীমা পার হওয়ার পাশাপাশি বারবার ঠিকাদার পরিবর্তন করা হয়েছে।
তাদের দাবি, কেউ নিয়মিত কাজ না করে শুধু হাতবদলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে। এ প্রক্রিয়ার নেপথ্যে জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলামের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ ছাড়া সরকারি নিয়ম অনুসরণ না করে প্রকল্পের এস্টিমেট ও নকশা পরিবর্তন করে কাজ করার অভিযোগও রয়েছে।
স্থানীয়দের দাবি, পাথরের সঙ্গে ইটের খোয়া, সিলেকশন বালুর সঙ্গে ভরাট বালু এবং অল্প সিমেন্ট মিশিয়ে ঢালাই দেওয়া হয়েছে।
নিম্নমানের ইট দিয়ে গাইড ওয়াল নির্মাণ, বেশিরভাগ খুঁটিতে রড না দেওয়া, ১২ মিলিমিটারের পরিবর্তে ৮ মিলিমিটার রড ব্যবহার এবং চারটির পরিবর্তে তিনটি রড দেওয়ার অভিযোগও রয়েছে। খুঁটির নির্ধারিত ১২ ফুটের পরিবর্তে ৮ ফুট করা হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।
নিম্নমানের কাজের কারণে ইতোমধ্যে গাইড ওয়ালের খুঁটিতে ফাটল দেখা দিয়েছে এবং কোথাও কোথাও গাইড ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে স্থানীয়রা জানান। তাদের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, রাতের আঁধারে শ্রমিকেরা ভুল করে পাথরের সঙ্গে ইটের রাবিস খোয়া মিশিয়েছিলেন। তিনি তা সরিয়ে দিয়েছেন।
সরকারি নকশা অনুযায়ী কাজ করলে দীর্ঘস্থায়ী হতো না বলে কিছুটা নকশা পরিবর্তন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও গুজব বলেও দাবি করেন প্রকৌশলী।
অন্যদিকে ৩০ পৌরসভার ডিপিডি মাহমুদ টিপু বলেন, ডাম্পিং প্রকল্পসহ সড়কের কাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।