কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৭ পিএম
কুড়িগ্রাম জেলা পরিষদের ডাকবাংলোয় মাসের পর মাস ঝুলছে তালা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার “কমিশন বাণিজ্যে” কোটি কোটি টাকার বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে মাসের পর মাস ঝুলছে তালা।
ফলে আলোর মুখ দেখছে না জনস্বার্থে তৈরি হওয়া এসব প্রতিষ্ঠান। নিজেকে ছাত্রদলের ক্যাডার পরিচয় দিয়ে প্রধান নির্বাহী প্রকাশ্যে চালাচ্ছেন “কমিশন বাণিজ্য” অভিযোগ ভুক্তভোগী ঠিকাদারদের।
কুড়িগ্রাম জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণ, শিশু পার্ক, বিভিন্ন স্থাপনা
সংস্কার ও অফিসিয়াল মালামাল কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ
শেষ হওয়ার পরও প্রকল্প বুঝে না নেওয়া, ঠিকাদারদের বিল ও জামানতের টাকা আটকে রাখা এবং
‘কমিশন’ ছাড়া ফাইলে স্বাক্ষর না করার অভিযোগ করেছেন একাধিক ঠিকাদার।
অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলেও জেলা পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফিরুজুল ইসলামের কারণে কয়েকটি প্রকল্পের কাজ বুঝে নেওয়া
হচ্ছে না। এতে একদিকে সরকারি অর্থের বিনিয়োগ পড়ে থাকছে, অন্যদিকে জনস্বার্থে নির্মিত
স্থাপনা তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন
ধরে বিল ও জামানতের টাকা আটকে থাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে ঠিকাদারদের মাঝে।
অনুসন্ধানে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরের প্রকল্পের আওতায় রৌমারীতে
চারতলা বিশিষ্ট নতুন ডাকবাংলো নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবর। প্রকল্পটির
প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৪ কোটি ৩১ লাখ টাকা। ঠিকাদারের দাবি, কাজ শেষ হওয়ার পর
প্রায় এক বছর নয় মাস পার হলেও জেলা পরিষদ কর্তৃপক্ষ এখনো কাজটি বুঝে নেয়নি। কাজ হস্তান্তরের
জন্য একাধিকবার আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ঠিকাদারের।
দীর্ঘদিন স্থাপনাটি ব্যবহার না হওয়ায় সরকার এ সময়ে সম্ভাব্য ৭৫ লাখ
টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
এদিকে, জেলার একমাত্র বিনোদন পার্ক পুরাতন শহরের জেলা পরিষদ শিশু
পার্কের দ্বিতীয় পর্যায়ের কাজও ২০২২-২৩ অর্থবছরে শুরু হয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয়
ছিল ২ কোটি ৮৯ লাখ টাকা। ২০২৫ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হলেও প্রায় আট মাসেও
কাজটি বুঝে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
ঠিকাদারদের অভিযোগ, কাজ বুঝে না নেওয়ায় পার্কে স্থাপিত বিভিন্ন রাইড,
যন্ত্রাংশ ও অন্যান্য মূল্যবান সামগ্রী দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এতে এসব
সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পার্কটি চালু না হওয়ায়
সরকারও গত আট মাসে সম্ভাব্য প্রায় ৮ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৩-২৪, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদ
কার্যালয়ের প্রয়োজনীয় বিভিন্ন মালামাল কেনার জন্য কোটেশন ও দরপত্রের মাধ্যমে ঠিকাদার
নিয়োগ করা হলেও প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে এসব মালামাল ক্রয়
করা হয়নি।
ঠিকাদারদের অভিযোগ, তাদের অজান্তে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা
নিজেই বিভিন্ন মালামাল কেনাকাটা করেছেন। এর মধ্যে জেলা পরিষদ হলরুমের সাউন্ড সিস্টেম,
সেলাই মেশিন, হুইল চেয়ার, খেলাধুলার সামগ্রী, কৃষি সরঞ্জাম, কম্পিউটার, প্রিন্টার,
স্ক্যানার, ল্যাপটপ, ফটোকপি মেশিন, এসি ও সোলার আইপিএসসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। এসব
কেনাকাটায় প্রায় ২.৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে দাবি ঠিকাদারদের।
ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সসমৃদ্ধ ও ব্যাংকিং খাতের লেনদেনের
সক্ষমতার প্রলোভন দেখিয়ে কেনাকাটায় কাগজপত্রে তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে।
বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ভবিষ্যতে কাজ না দেওয়ার হুমকি দেওয়া হয়। যে কারণে ক্যামেরার
সামনে কথা বলতে অস্বীকৃতি জানান কয়েকজন ঠিকাদার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার বলেন, জেলা পরিষদে কাজ সম্পন্ন
করার পরও মাসের পর মাস বিলের ফাইল আটকে থাকে। প্রধান নির্বাহী কর্মকর্তার টেবিলে গুরুত্বপূর্ণ
ফাইল পড়ে থাকলেও “নির্দিষ্ট কমিশন” ছাড়া তাতে স্বাক্ষর করেন না তিনি। কমিশন দিলে সব
ঠিক। না দিলে দফায় দফায় কাজ পরিদর্শন, নকশা পরিবর্তন ও অযাচিত ত্রুটি ধরেন। এসব বিষয়ে
জেলা পরিষদের প্রশাসকের কাছে অভিযোগ করলে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয়
করে কাজ করার পরামর্শ দিয়েছেন।
জেলা পরিষদের নিয়োজিত ঠিকাদার মো. মোকছেদুল গাজী বলেন, “কাজ করেছি
দেড় বছর হলো। অথচ জামানতের টাকা দিচ্ছে না। নিয়ম অনুযায়ী কাজ সমাপ্তির ১২ মাসের পর
জামানতের টাকা ফেরত দেওয়ার কথা। কিন্তু কোনো কারণ ছাড়াই জামানতের টাকা আটকে রেখেছেন
প্রধান নির্বাহী কর্মকর্তা। শুধু আমার বিল-ই নয়, অনেক প্রতিষ্ঠানের বিল আটকে রেখেছেন
তিনি।”
শিশু পার্ক নির্মাণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ঠিকাদার নুর জামান
বলেন, “কাজ শেষ করার আট মাস পার হলেও নানা অজুহাতে কাজ বুঝে নিচ্ছেন না প্রধান নির্বাহী
কর্মকর্তা। দুঃসময় পার করছি। কিছু বলতে পারছি না। কিছু বললে দোষ।
তিনি আরো বলেন, গণঅভ্যুত্থ্যানের আগে প্রধান নির্বাহী নিজেকে ছাত্রলীগের
সাবেক ক্যাডার এবং আওয়ামী পরিবারের সন্তান বলে পরিচয় দিত। পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে
তিনি এখন ছাত্রদলের ক্যাডার পরিচয় দিয়ে থাকেন। যাই হোক, বেশি কিছু বলতে চাই না, কারণ
তখন আমার বিল আটকে দেওয়ার আশঙ্কা আছে।”
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র, প্রকল্প বাস্তবায়নের হিসাব,
বিল-ভাউচার ও কেনাকাটার প্রক্রিয়ার তথ্য চাইলেও এই প্রতিবেদককে তথ্য দিতে অস্বীকৃতি
জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। পর্যালোচনা করে তদন্ত করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে
আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগের বিষয়ে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা
মো. ফিরুজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জেলা পরিষদের কাজ বাস্তবায়নের
পর হস্তান্তরের কথা বলে কোনো ঠিকাদারের কাছে টাকা নেইনি এবং কোনো প্রকার কমিশন নেওয়া
হয় না। যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে নিয়ে আসেন বিষয়গুলো বুঝিয়ে দেব। তারা না বুঝেই
অভিযোগ করেছেন।
প্রধান নির্বাহীর কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কুড়িগ্রাম
জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ
বলেন, “আমি যতটুকু জানি ফান্ড না থাকার কারণে ঠিকাদারদের বিল এবং জামানতের টাকা দেওয়া
হচ্ছে না। বিল পরিশোধ না করার কারণে অনেকে কাজ হস্তান্তর করছেন না।
তিনি আরো বলেন, প্রধান নির্বাহীর বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তা মাঠ
পর্যায়ে খতিয়ে দেখা হবে।