নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৭ পিএম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ ও ছুরিকাহত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ ও ছুরিকাহত শুভ দাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শুভ চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার
এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার রাত ১টার দিকে পৌর হকার্স মার্কেটের পেছনের
গলি থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সাজেদুর রহমান।
তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে
ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও
তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী
জানান, হকার্স মার্কেটের পেছনে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে
স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। তবে
শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরো বলেন, নিহতের
কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত
ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ
জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে। তবে কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ
হলেন, কারা তাকে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী, এসব বিষয় খতিয়ে
দেখা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে
জানিয়েছেন সদর থানার ওসি সাজেদুর রহমান।