শুক্কুর আলী মোড়ল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর পরশুরামে চায়ের দোকানে ঘুমন্ত অবস্থায় শুক্কুর আলী মোড়ল (৬০) নামের এক বয়োবৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে।
জীবিকার তাগিদে বয়সের ভার উপেক্ষা করে
বাড়ি ছেড়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আর ফেরা হলো না পরিবারের কাছে।
শুক্রবার রাতে
পরশুরাম স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শুক্কুর আলী
নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার গুজিরকোনা গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতা
বাড়াতে প্রায় ১৫ দিন আগে নেত্রকোনা থেকে পরশুরামে কাজের সন্ধানে আসেন শুক্কুর আলী।
শুক্রবার রাতে স্টেশন রোডের একটি চায়ের দোকানে বসে চা পান করার পর তিনি সেখানেই একটি
চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা তাকে ডাকাডাকি
শুরু করেন। একপর্যায়ে জানা যায়, ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি
ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
প্রতিবেশী সাদেক মিয়া বলেন, কাজের খোঁজে
এসে এভাবে মানুষটা মারা যাবে কেউ ভাবেনি। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।
ছেলের নিষেধ
সত্ত্বে কাজ করতে বের হওয়া এই বৃদ্ধের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। নিহতের
ছেলে আনোয়ার হোসেন মোড়ল মুঠোফোনে আক্ষেপ করে বলেন, আমাদের সংসারের অবস্থা মোটামুটি
ভালো। বাবাকে বহুবার কাজে বের হতে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি।
ঘটনার সত্যতা
নিশ্চিত করে পরশুরাম মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, খবর
পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় মসজিদে রাখা
হয়। প্রবীণ এই শ্রমিকের নিথর দেহ গ্রামে পাঠানোর জন্য স্থানীয়রা অর্থ সংগ্রহ করে একটি
অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছেন।