× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামে জেনারেল, বাস্তবে বহির্বিভাগ

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নামফলকে লেখা ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল’। বাইরে থেকে দেখা এই নামফলক যতটা ভরসার, ভেতরের বাস্তবতা ঠিক ততটাই হতাশার। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকার এই হাসপাতালে ঢুকলেই চোখে পড়ে তালাবদ্ধ অপারেশন থিয়েটার, সারি সারি ফাঁকা শয্যা আর রোগীশূন্য ওয়ার্ড। একটা সিটি স্ক্যান করাতেও রোগীকে ছুটতে হয় বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। রেলে কর্মরত ও অবসরপ্রাপ্ত প্রায় ১৫ হাজার কর্মীর একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার এক বছর পেরোলেও তা যেন এখনও আটকে আছে শুধু বহির্বিভাগের গণ্ডিতেই।

২০২৫ সালের এপ্রিলে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর ১৯২৫ সালে প্রতিষ্ঠিত ‘চট্টগ্রাম রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল’-এর নাম পাল্টে রাখা হয় চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতাল। শয্যাসংখ্যা ৯১ থেকে বাড়িয়ে করা হয় ১৫০। কিন্তু ধাপে ধাপে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের যে পরিকল্পনা ছিল সমঝোতা স্মারকে; তার বাস্তবায়ন থমকে আছে এক বছরের বেশি সময় ধরে।

সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে, ১০ টাকার টিকিটে বহির্বিভাগে শিশু, অর্থোপেডিক্স, চক্ষু, দন্ত, গাইনি, মেডিসিন, কার্ডিওলজি, চর্মরোগসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা মিললেও রোগীর সংখ্যা তুলনামূলক কম। বেশিরভাগ রোগী আসেন স্বল্প মূল্যের পরীক্ষা করাতে। চলতি বছরের জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৪৪৪ জন রোগী। কিন্তু জটিল কোনো সমস্যা হলেই ভরসা রাখতে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর।

আঘাতপ্রাপ্ত ছেলেকে নিয়ে হাসপাতালে আসা রূপা রানী দাশ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা রেলওয়ে পরিবারের সদস্য হয়েও এখানে চিকিৎসাসেবা পাই না। আমার ছেলেকে চিকিৎসক সিটি স্ক্যান করতে বলেছেন। কিন্তু এখানে সিটি স্ক্যানের ব্যবস্থা নেই, যেতে হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে।’

একই অভিজ্ঞতার কথা জানান এনায়েতবাজার এলাকার বাসিন্দা নুরুল কবির। তিনি বলেন, ‘বাসার কাছে হাসপাতাল হওয়ায় এসেছিলাম। কিন্তু যন্ত্রপাতির সংকট আছে। একটা টেস্ট দিয়েছে, সেটা করতে এখন বাইরে যেতে হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী জানান, আগের তুলনায় সেবার মান কিছুটা বাড়লেও যেভাবে বাড়ার কথা ছিল, সেভাবে বাড়েনি। বহির্বিভাগের সামান্য কিছু রোগী দিয়েই চলছে পুরো কার্যক্রম।

এদিকে জনবল সংকটের চিত্রও উদ্বেগজনক। হাসপাতালের ৫ থেকে ৯ম গ্রেডের ১০টি চিকিৎসক পদে ১৪ জন থাকার কথা থাকলেও স্থায়ী আছেন মাত্র ৫ জন, শূন্য ৯টি পদ। বাকি সেবা চলছে স্বাস্থ্য অধিদপ্তরের সংযুক্তিতে পাঠানো ১৬ জন চিকিৎসক দিয়ে। সিনিয়র স্টাফ নার্সের ৬ পদের বিপরীতে কর্মরত মাত্র ১ জন। সব মিলিয়ে ৪৩ ধরনের পদে মঞ্জুরিকৃত ৩৪৩টি পদের মধ্যে ১৫০টিই শূন্য। শূন্যতা পূরণে ৩১ জনকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে কোনোমতে সচল রাখা হয়েছে হাসপাতালটি।

হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. তাহামিনা ইয়াসমিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বহির্বিভাগে নিয়মিত সব ধরনের রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। প্যাথলজি বিভাগ চালু হয়েছে, জরুরি বিভাগ এখন ২৪ ঘণ্টা সচল। তবে ইনডোর সেবা চালু করতে যেসব লজিস্টিক সুযোগ-সুবিধা দরকার, তা এখনও সম্ভব হয়নি। হাসপাতালের নিজস্ব চিকিৎসক সংকট আছে, তবে ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে।’

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, আগে যেখানে দিনে ৫-৭ জন রোগী আসত, এখন সেখানে আসছেন ২৫০-৩০০ জন। ইনডোরেও প্রতিদিন ৭-১০ জন রোগী ভর্তি থাকছেন এবং নিয়মিত ১৫-১৬ জন চিকিৎসক সেবা দিচ্ছেন। হার্ট, ডায়াবেটিস, ইসিজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, ইকোসহ নানা পরীক্ষার ব্যবস্থাও আছে। 

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রেলওয়ে হাসপাতালটি মূলত রেলপথ মন্ত্রণালয়ের অধীন। সমঝোতা স্মারকের পর স্বাস্থ্য অধিদপ্তর সেখানে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার দিয়েছে। তবে সাধারণ রোগীদের জন্য ওষুধ ও ভর্তি রোগীর সুবিধা এখনও সীমিত। কারণ রেলওয়ের নিজস্ব কর্মীরাই একধরনের অগ্রাধিকার পান। রেলওয়ে কর্তৃপক্ষ হাসপাতালটিকে পূর্ণোদ্যমে সচল করার জন্য এবং পর্যাপ্ত বরাদ্দ নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেÑ যাতে ভর্তি রোগীদের খাবার এবং পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা যায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা