নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৫ পিএম
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। ছবি: সংগৃহীত
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী শনিবার। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে লড়াই করে শাহাদতবরণ করেন তিনি।
যুদ্ধে তিনি গুরুতর আহত হলেও পিছু হটেননি। নিজের জীবন বিপন্ন জেনেও সহযোদ্ধাদের জীবন ও অস্ত্র রক্ষা করতে শত্রুর বিরুদ্ধে গুলি চালিয়ে সামনে এগিয়ে যান। একপর্যায়ে শত্রুর গুলিতে শাহাদতবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। পরে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগ দেন নূর মোহাম্মদ শেখ। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মায়ের নাম জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম। শৈশবেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার নূর মোহাম্মদ নগর ও বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও নড়াইল জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কুরআনখানি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।