ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যবসায়ীকে ‘দালাল’ আখ্যা দিয়ে গালিগালাজ, মানহানিকর মন্তব্য ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন রেডিয়েন্স ট্রাভেলস ইন্টারন্যাশনাল এজেন্সির মালিক রুস্তম নামের এক ব্যবসায়ী।
সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের কারণে ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন এবং প্রায় ২ কোটি টাকা আর্থিক ক্ষতির দাবি করেছেন বাদী।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ ভূঁইয়া জানান, আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পল্টন থানার অফিসার ইনচার্জকে(ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে রুস্তম বলেন, “গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি শুভেচ্ছার ছবি পোস্ট করেন তিনি। পরে ‘সামসুদ্দিন খান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি শেয়ার করে তাকে ‘দালালের বাচ্চা’ বলে মন্তব্য করা হয়”।
বাদীর অভিযোগ, ওই পোস্টকে কেন্দ্র করে ‘মোহন মিয়া’ নামের একটি ফেসবুক আইডিসহ তার নিজ এলাকা কুমিল্লার আরও কয়েকজন ব্যক্তি বিভিন্ন নেতিবাচক ও মানহানিকর মন্তব্য করেন। এতে তিনি সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
রুস্তমের দাবি, বিষয়টি খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তার নিজ গ্রামের ছফি উল্লার ছেলে সামসুদ্দিন তার ফেসবুক পোস্টটি শেয়ার করে নেতিবাচক মন্তব্য করেছেন। একই সঙ্গে অন্যদের দিয়েও ওই পোস্টে মানহানিকর মন্তব্য করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মামলার অভিযোগে আরও বলা হয়, বিষয়টি সামসুদ্দিনের বাবাকে জানালে তিনিও রুস্তমকে বিভিন্নভাবে অপমান করেন। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মন্তব্য ও হুমকির কারণে তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয় এবং প্রায় ২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
রুস্তমের ভাষ্য, বিষয়টি নিয়ে আইনি প্রতিকার পাওয়ার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি ঢাকার সিএমএম আদালতের দ্বারস্থ হন। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পল্টন থানাকে নির্দেশ দিয়েছেন।