সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৭ পিএম
সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার মৌজায় তিস্তা নদীর আকস্মিক ভাঙনে এক রাতেই দেড় শতাধিক পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার মৌজায় তিস্তা নদীর আকস্মিক ভাঙনে এক রাতেই দেড় শতাধিক পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
হঠাৎ তিস্তার তীব্র ভাঙনের মুখে পড়ে অসহায় পরিবারগুলোর মানুষ একবস্ত্রে কোনোমতে প্রাণে বাঁচলেও রক্ষা করতে পারেনি গৃহপালিত পশু-পাখি, পরিধেয় বস্ত্র, আসবাবপত্র কিংবা একদিনের খাদ্যসামগ্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উক্ত ইউনিয়নের লালচামার, মৌজার ভোরের পাখি ও সিংগীজানী পাড়ার বাসিন্দারা রাতের খাওয়া-দাওয়া শেষে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে নদীর তীব্র স্রোতে তাদের বসতভিটাসহ ঘরবাড়ি মুহূর্তের মধ্যে তিস্তাগর্ভে ভেসে যেতে থাকে। অব্যাহত থাকে দিনব্যাপী এই ভাঙনের তাণ্ডব।
খবর পেয়ে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, ইউপি সদস্য হাবিজার রহমান ও রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছু শুকনো খাবার বিতরণ করা হয়। তবে নদীভাঙনের তীব্রতা অব্যাহত থাকায় আশ্রয়হীন পরিবারের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ‘জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে ওই স্থানে জিওব্যাগ ফেলা হচ্ছে।’