রংপুর অফিস
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৭ পিএম
রংপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘হিসাবের বন্ধনে, সবুজের স্পন্দনে’Ñ এ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার ও পরিবেশবান্ধব করতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।
শুক্রবার কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গ্লাভস পরে কাস্তে হাতে পরিষ্কার করছেন আগাছা ও ঝোপঝাড়। অন্যদিকে ক্যাম্পাসকে আরও সবুজায়নে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে মাটিতে গর্ত করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মধ্যে সামীর আহমেদ, রিফাত হাসান ও রেজওয়ানা রিয়া বলেন, ক্যাম্পাসে ঝোপঝাড়ের কারণে মশার উৎপাত বেড়েছে। এই কর্মসূচির মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীর মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হওয়ার বার্তা দেওয়া হচ্ছে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল হোসেন মন্ডল বলেন, ছেলেমেয়েরা এত সুন্দর ও দায়িত্বশীল উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসা দাবিদার। নিজেদের ক্যাম্পাসের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ফুটে উঠেছে এই কর্মসূচির মাধ্যমে। পরিবেশ রক্ষায় তাদের কার্যক্রম অনুসরণীয়।
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. আবু সায়েমসহ বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থী।