রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৪ পিএম
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ উঠেছে। এবার রাবেয়া খাতুন (২৪) নামের এক প্রসূতিকে জরুরি চিকিৎসা না দেওয়ার অভিযোগ করেছেন তার মা মোছা. নার্গিস বেগম।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রাবেয়া রায়গঞ্জ পৌর এলাকার ঝাপড়া মহল্লার মো. আসলামের স্ত্রী। অভিযোগ অনুযায়ী গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে তীব্র প্রসবব্যথা নিয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে সন্তান প্রসবের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়।
নার্গিস বেগমের অভিযোগ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত নার্সরা তার মেয়েকে হাঁটাহাঁটি করতে বলেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিষয়ে জানতে চাইলে তিনি ছুটিতে আছেন এবং হাসপাতালে আসবেন না বলে জানানো হয়। একপর্যায়ে হাঁটার সময় রাবেয়ার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং পানি ভেঙে যায়। এ অবস্থায় দ্রুত চিকিৎসা না পাওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে রাবেয়া বাড়িতে রয়েছেন। তার মায়ের দাবি, প্রসবের সময় যথাযথ সতর্কতা না থাকায় জরায়ু ও মলদ্বারের মধ্যবর্তী অংশ ফেটে গিয়ে জটিলতা তৈরি হয় এবং সেখানে একাধিক সেলাই দিতে হয়েছে।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম ওবায়দুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত আগস্ট মাসে একই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবব্যথা নিয়ে আসা এক নারীকে সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ ওঠে। তখন হাসপাতালের ডেলিভারি কক্ষ বন্ধ থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপস্থিতি না পাওয়ার অভিযোগ করা হয়। পরে হাসপাতালে না থেকে পথে ওই প্রসূতির সন্তান প্রসবের ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ওই ঘটনার পর দুই মিডওয়াইফকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়ার খবরও প্রকাশিত হয়। এর আগে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, সিসিটিভি ক্যামেরা অচল থাকা এবং মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ সংরক্ষণের অভিযোগ নিয়েও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
একই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা নিয়ে ফের অভিযোগ ওঠায় হাসপাতালের জরুরি প্রসূতি সেবা, দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতি এবং রোগী ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে সর্বশেষ অভিযোগের সত্যতা তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।