হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০২ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১০ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আয়োজিত এক জনসভা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘মাদক একটি জাতিকেই ধ্বংস করে দেয়, একটি পরিবারকে নিঃস্ব করে দেয় এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে। যারা মাদক ব্যবসা করে, মাদকসেবন করে কিংবা অনলাইনে-অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথে পরিচালিত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে এসব অপরাধ নির্মূল করা সম্ভব।’
শুক্রবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আয়োজিত এক জনসভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো অপরাধীই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষের কখনও সমঝোতা হতে পারে না। সমাজের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ভালো মানুষদের আরও বেশি সংগঠিত হতে হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধের পথ থেকে দূরে রেখে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে মানবিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এবং আগামী প্রজন্মের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।