× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ বছরেও সংস্কার হয়নি বারাকপুর-ফয়লা সড়ক

শেখ আরিফুল ইসলাম, বাগেরহাট

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৫ পিএম

বাগেরহাট সদর উপজেলার বারাকপুর থেকে ফয়লা বিমানবন্দর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাট সদর উপজেলার বারাকপুর থেকে ফয়লা বিমানবন্দর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাট সদর উপজেলার বারাকপুর থেকে ফয়লা বিমানবন্দর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ। বৃষ্টিতে এসব গর্তে কাদা-পানি, আর শুকনো মৌসুমে উড়ছে ধুলা। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ।

সড়কটি শুধু বারাকপুর ও ফয়লা এলাকার মানুষের যাতায়াতের পথ নয়, এর মাধ্যমে গিলাতলা, রামপাল, মোংলাসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সহজে যাতায়াত করা যায়। ফলে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ এ সড়ক ব্যবহার করেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে সড়কটির বড় ধরনের কোনো সংস্কার হয়নি। মাঝেমধ্যে গর্তে ইট-খোয়া ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হলেও কয়েক দিন পরই আবার আগের অবস্থায় ফিরে যায়। ফলে দিন দিন সড়কটির অবস্থা আরও খারাপ হচ্ছে।

পিসি কলেজের শিক্ষার্থী মরিয়ম বলেন, এই রাস্তা দিয়ে আমাদের কলেজে যেতে হয়। কলেজের পোশাক পরে বের হলে রাস্তার কাদা ছিটে পোশাক নোংরা হয়ে যায়। হেঁটে গেলেও কাদা লাগে, গাড়িতে গেলেও কাদা ছিটে। প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত রাস্তাটির সংস্কার চাই।

স্থানীয়দের দাবি, বারাকপুর থেকে ফয়লা বিমানবন্দর পর্যন্ত সড়কটি বাগেরহাট সদর উপজেলার সঙ্গে গিলাতলা, ফয়লা, রামপাল, মোংলাসহ আশপাশের এলাকার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সড়কটি সংস্কার করা হলে এসব এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশিদ বলেন,সড়কের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির বর্ধিতকরণ ও সংস্কারের কাজ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, এলজিইডির দেওয়া এই আশ্বাস দ্রুত বাস্তবায়ন করে সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এ পথে চলাচলকারী হাজারো মানুষ। পাশাপাশি গিলাতলা, ফয়লা, রামপাল ও মোংলাসহ বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা