লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৫ পিএম
লালমনিরহাটে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘বিএনপি একটি মধ্যপন্থী দল, যার কারণে সবাই মিলেমিশে থাকতে পারে। যার প্রত্যক্ষ প্রমাণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পাশাপাশি পুরোহিতদেরও ভাতা প্রদান করা হয়েছে।’
শুক্রবার সকালে লালমনিরহাটে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। জেলার শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি প্রাঙ্গণে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি শ্রী শিবেন্দ্রনাথ রায় শিবু।
সভায় মন্ত্রী আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অনেক তীর্থস্থান রয়েছে। অযত্ন ও অবহেলায় এসব তীর্থস্থান নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী হীরা লাল রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী শৈলেন্দ্র কুমার রায় ও হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্রী গুরুচরণ রায়সহ সনাতন ধর্মাবলম্বীর নেতারা।