বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৪ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪১ পিএম
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং 'বিডি ক্লিন - বরিশাল'-এর সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার সুনির্দিষ্ট পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং 'বিডি ক্লিন - বরিশাল'-এর সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। তিনি বলেন, "পরিচ্ছন্নতা কেবল একটি সাময়িক অভিযান নয়, এটি আমাদের নিয়মিত চর্চা হওয়া উচিত। বিডি ক্লিনের তরুণ স্বেচ্ছাসেবকরা যেভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। সরকারের পাশাপাশি সাধারণ নাগরিক ও তরুণ সমাজ এগিয়ে এলে বাকেরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। তিনি বলেন, "উপজেলা প্রশাসন ও বিডি ক্লিনের যৌথ ও কার্যকর উদ্যোগে খুব অল্প দিনের মধ্যেই বাকেরগঞ্জকে একটি 'ক্লিন বাকেরগঞ্জ' হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।"
উপজেলা প্রশাসনের এই জনকল্যাণমূলক আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অগ্রজ্যোতি বড়াল, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান ও সহ-বিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেনসহ প্রমুখ।