রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৫ পিএম
ট্রাকচাপায় নিহত শ্রমিককে ঘিরে উৎসুক জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মনির হোসেন (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার মৃত জরু মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাকচালক ইয়াকুব হোসেনকে আটক করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মনির হোসেন রূপসী ঘাটে দৈনিক মজুরিতে মালামাল ওঠানো-নামানোর কাজ করতেন। চালক ইয়াকুব হোসেন ট্রাক নিয়ে রূপসী কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকায় একটি গোডাউনে যাচ্ছিলেন। এ সময় মনির হোসেন রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা চালক ইয়াকুব হোসেন ও ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ বলেন, “চালক ইয়াকুব হোসেনকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহের বিষয়ে এবং আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”