আটককৃত ব্যক্তিকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বৈদ্যুতিক তার চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১২টায় এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় আনসার সদস্য মো মাসুম হাসান ও সাবেদ আলী নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা হাসপাতাল ভবনের ভেতরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরবর্তীতে সেখানে গিয়ে দেখতে পান এক ব্যক্তি সরকারি বৈদ্যুতিক তার কেটে চুরির চেষ্টা করছেন।
পরিস্থিতি অনুধাবন করে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বৈদ্যুতিক তারসহ ওই ব্যক্তিকে আটক করেন। আটককৃত মো. আবদুল আলীম (২৬)গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকার বাসিন্দা।
ঘটনার পরপরই বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে অবহিত করা হয়। পরবর্তীতে কালিয়াকৈর থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আটককৃত ব্যক্তিকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।