× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দেখতে দেখতে মোর বাড়ি-ভিটা নদীত চলি গেল’

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৯ পিএম

তিস্তার তীব্র ভাঙনে রাজারহাটের রামহরি গ্রামে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা। বৃহস্পতিবার বিকেলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিস্তার তীব্র ভাঙনে রাজারহাটের রামহরি গ্রামে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা। বৃহস্পতিবার বিকেলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

“দেখতে দেখতে মোর বাড়ি-ভিটা নদীত চলি গেল। এল্যা কোনঠে গিয়া দাঁড়াম ছাওয়া-পোয়া নিয়া?”

কথাগুলো বলেই হাউমাউ করে কেঁদে ফেলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম (৪৮)।

কয়েক মিনিট আগেও যে জায়গাটি ছিল তার বসতভিটা, সেখানে ছিল ঘর-সংসার। হঠাৎ তিস্তার তীব্র ভাঙনে চোখের সামনেই সেই ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরিবার ও গবাদিপশু নিয়ে এখন কোথায় আশ্রয় নেবেন, কীভাবে নতুন করে সংসার গড়বেন- তা নিয়ে দিশেহারা তিনি।

রামহরি গ্রামের তিস্তা নদীতীরবর্তী এলাকায় বৃহস্পতিবার বিকালে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়।

ভাঙনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই সাইদুল ইসলামের বসতভিটার বড় একটি অংশ নদীগর্ভে চলে যায়। নদীর স্রোতে ভেসে যায় তার বসতঘরসহ প্রয়োজনীয় স্থাপনা ও সংসারের বিভিন্ন সামগ্রী।

সাইদুল ইসলাম বলেন, “গরু-ছাগল নিয়া মহাবিপদে আছি। কোনঠে গিয়া রাখমো, তা আল্লাহই জানে। চোখের সামনে নিজের বাড়িঘর নদীত চলি গেল। এখন ছাওয়া-পোয়া নিয়া কই থাকমো, কী খামো কিছুই বুঝতেছি না।”

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, দুলাল মিয়া ও আকবর আলীসহ কয়েকজন জানান, বিকেলের দিকে নদীর তীরে প্রথমে মাটি ধসে পড়তে শুরু করে। শুরুতে ভাঙন কম থাকলেও অল্প সময়ের মধ্যেই নদীর স্রোতের টানে তীরের মাটি দ্রুত ধসে যেতে থাকে। একপর্যায়ে ভাঙন সাইদুল ইসলামের বসতভিটায় আঘাত হানে।

তারা বলেন, ভাঙনের গতি এতটাই দ্রুত ছিল যে স্থানীয়রা ছুটে এসে ঘরবাড়ির মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও সবকিছু রক্ষা করা সম্ভব হয়নি। চোখের সামনেই বসতভিটার মাটি নদীতে ধসে পড়তে দেখে নদীতীরবর্তী অন্য পরিবারগুলোও আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয়দের ভাষ্য, রামহরি গ্রামের নদীতীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই তিস্তা নদীর ভাঙন চলছে। প্রতিবছর নদীর গতিপথ পরিবর্তন ও তীব্র স্রোতে নদীতীরের মানুষ বসতভিটা ও আবাদি জমি হারানোর ঝুঁকিতে থাকেন। নতুন করে ভাঙন শুরু হওয়ায় এবার সেই আতঙ্ক আরও বেড়েছে।

ভাঙনের খবর পেয়ে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে পাউবোর এসডিও (সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাউবোর কর্মকর্তারা জানান, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “হঠাৎ ভাঙন দেখা দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত ভাঙনরোধ করা সম্ভব হবে বলে আশা করছি।”

তবে স্থানীয়দের দাবি, তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলার পাশাপাশি তিস্তার ভাঙন থেকে নদীতীরবর্তী মানুষকে স্থায়ীভাবে রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে রামহরি গ্রামের আরও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা